রামগড় সীমান্তে নদীতে ভাসছিল সাবেক বিডিআর সদস্যের লাশ

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামে এক বাংলাদেশির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অংথেপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা ও বিডিআরের (বর্তমান বিজিবি) প্রাক্তন সদস্য বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানান, অংথেপ্রু মারমা গত শুক্রবার বেলা ২টার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায়ও তিনি বাড়ি না ফেরার কারণে খোঁজাখুজি শুরু করেন স্বজনরা। তার ছেলে থৈ অংগ্য মারমা বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে সন্ধান না পাওয়ার পর রাত ১০টার দিকে খবরটি স্থানীয় বিওপির বিজিবিকে জানানো হয়। পরে বিজিবিও তার খোঁজখবর নিতে শুরু করে। গতকাল শনিবার ভোর বেলা থেকে পুনরায় তারা গ্রামবাসিসহ নিখোঁজ পিতার সন্ধান শুরু করেন। সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে ঘাসের বস্তাটি দেখতে পায় তারা। পরে আশেপাশে খুঁজতে গিয়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। নিহতের কপালে জখমের চিহ্ন আছে। তখনও (উদ্ধারের সময়) রক্তক্ষরণ হচ্ছিল।

এদিকে, খবর পেয়ে বিজিবি ও পুলিশ ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলার এলাকার ঘটনাস্থলে দ্রুত যায়। এর আগেই স্বজনরা নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনে। রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, নিহত অংথেইপ্রু মারমার কপাল ও নাকের উপর জখমের চিহ্ন আছে। কিভাবে তার মৃত্যু হল তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এখন ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর পাশাপাশি আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধচার ফ্লাইটে ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল
পরবর্তী নিবন্ধমা-মেয়েসহ চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার