কক্সবাজার শহরে পরিচালিত যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় পরিচালিত এ অভিযানে ঝাউতলার জামান হোটেল ও স্বপ্ন সুপার শপকে ৩ লাখ টাকা করে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরির দায়ে চৌরঙ্গী বেকারিকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুভ্রত ভট্টাচার্যসহ এসআরবি, পুলিশ, ব্যাটালিয়ন আনসার এবং খাদ্য নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
অন্যদিকে, অভিযানের পরপরই জরিমানার প্রতিবাদে ব্যবসায়ীরা সংগঠিত হয়ে শহরে প্রতিবাদ সমাবেশ করেন। তাঁদের অভিযোগ, কোনো ধরনের পূর্ব নোটিশ কিংবা পর্যাপ্ত সতর্কতা ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। এতে কোনো কোনো প্রতিষ্ঠানকে ৭ থেকে ৮ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে বলে দাবি করেন তাঁরা। ব্যবসায়ীদের মতে, অপরাধের ধরন ও মাত্রা বিবেচনায় না নিয়ে এ ধরনের বড় অঙ্কের জরিমানা আরোপে ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।












