প্রতিদিনের জীবনযাপন হয়ে উঠছে কঠিন

কার্যকর উদ্যোগ জরুরি

| রবিবার , ১৫ নভেম্বর, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে, কিন্তু আয়–রোজগার সেই অনুপাতে বাড়েনি। নির্দিষ্ট বেতন, সীমিত ব্যবসার আয় কিংবা ছোটখাটো উপার্জনের ওপর নির্ভরশীল পরিবারগুলোকে প্রতিদিন নতুন করে হিসাব মেলাতে হচ্ছে। মাসের শুরুতে হাতে আসা টাকা বাড়ি ভাড়া, বাজার, সন্তানের পড়াশোনা, চিকিৎসা ও যাতায়াত খরচে শেষ হয়ে যাচ্ছে। কোথাও কমাতে হচ্ছে খাবারের পরিমাণ, কোথাও বাদ পড়ছে প্রয়োজনীয় কেনাকাটা। কেউ বাড়তি আয়ের জন্য রাত জেগে কাজ করছেন, কেউ সঞ্চয় ভাঙছেন, আবার কেউ বাধ্য হচ্ছেন ঋণ করতে। বাইরে থেকে স্বাভাবিক মনে হওয়া এসব পরিবারের ভেতরে চলছে নীরব আর্থিক টানাপোড়েন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জীবনযাত্রার মান জরিপের তথ্য মতে, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার সংসারের ব্যয় মেটাতে ঋণ করতে বাধ্য হয়েছেন। একটি পরিবারের গড় মাসিক আয় ৩৩ হাজার ৫১৩ টাকা হলেও ব্যয় ৩৫ হাজার ৩১১ টাকা। অর্থাৎ প্রতি মাসে আয়–ব্যয়ের ঘাটতি ১ হাজার ৭৯৮ টাকা। বিবিএসের সর্বশেষ সেপ্টেম্বরের হিসাবে সার্বিক মূল্যস্ফীতি ৮ দশমিক ৩৪ শতাংশ। বিপরীতে মজুরি বৃদ্ধির হার ৭ দশমিক ৯০ শতাংশ। ফলে আয় বাড়লেও সেই তুলনায় বাড়ছে না মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা।

পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) জাতীয় পর্যায়ের জরিপেও দারিদ্র্য ও অর্থনৈতিক ঝুঁকির বিস্তৃত চিত্র উঠে এসেছে। সংস্থাটির হিসাবে, ২৭ দশমিক ৯ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে এবং আরও ১৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার কাছাকাছি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

পত্রিকান্তরে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নিত্যপণ্যের বাড়তি দাম, গ্যাস–বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বাসা ভাড়া, চিকিৎসা, শিক্ষা এবং পরিবহণ ব্যয়–সব মিলিয়ে আয়ের তুলনায় ব্যয়ের বোঝা এখন অনেক বেশি। মাসের আয় দিয়ে ৩০ দিন পার করতে পারছে না বহু পরিবার। কেউ ধারদেনা করছেন, কেউ সঞ্চয় ভেঙে সংসার চালাচ্ছেন, আবার কেউ খাবারের তালিকা ছোট করছেন। মাছ–মাংস বাদ দিয়ে ডাল–ভাত, ডিম কিংবা কম দামের সবজিতে সীমাবদ্ধ হচ্ছে অনেক পরিবারের খাবার। নিম্নবিত্তের অনেক পরিবারকে খাবারের পরিমাণ কমিয়ে কোনো রকমে বেঁচে থাকতে হচ্ছে। মধ্যবিত্তের সঞ্চয় ফুরিয়ে বাড়ছে ঋণের বোঝা। উচ্চবিত্তের একাংশ বাড়তি ব্যয় সামাল দিতে পারলেও তাদের জীবনযাত্রার মানে পড়ছে চাপ। অর্থাৎ আয় বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে না মানুষের ক্রয়ক্ষমতা। এতে প্রতিদিনের জীবনযাপন হয়ে উঠছে কঠিন। এদিকে জীবনযাত্রার ব্যয় যখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, তখন সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন–ভাতা বাড়িয়েছে সরকার। এমন পরিস্থিতিতে বেসরকারি চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর ও অনানুষ্ঠানিক খাতের শ্রমজীবী মানুষের আয় বাড়ানোর নিশ্চয়তা নেই। ফলে সরকারি চাকরিজীবীদের বাইরে থাকা বিপুল জনগোষ্ঠী মূল্যস্ফীতির চাপ সামলাতে আরও কঠিন অবস্থায় পড়বে। বিশেষ করে বেসরকারি খাতের কর্মীদের বেতন সমন্বয়ের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় তাদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতার সংকট আরও গভীর হচ্ছে।

অর্থনীতির বর্তমান দুরবস্থার পেছনে অর্থের অভাবের চেয়ে আস্থার সংকটকে বেশি দায়ী করছেন বেসরকারি গবেষণা সংস্থা পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, দেশের অর্থনীতি উচ্চ দারিদ্র্য, নিম্ন বিনিয়োগ ও নিম্ন প্রবৃদ্ধির একটি চক্রে আটকে রয়েছে। এর ফলে দারিদ্র্যের চাপ, কর্মসংস্থানের অনিশ্চয়তা, উচ্চ মূল্যস্ফীতি, ঋণের বোঝা ও প্রাতিষ্ঠানিক হয়রানি বাড়ছে। এসবের ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ। টেকসই অর্থনৈতিক উত্তরণের জন্য এ কাঠামোগত সংকট থেকে বেরিয়ে আসা জরুরি। হোসেন জিল্লুর রহমান বলেন, বিনিয়োগের স্থবিরতা এবং সংস্কারহীন প্রতিষ্ঠানের দুর্বলতা সরকারকে স্বীকার করে তা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব সমস্যার পেছনে অর্থের সংকটের চেয়ে আস্থার সংকটই প্রধানত দায়ী। অর্থের অপচয়কেও অর্থনীতির অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন তিনি।

বিশেষজ্ঞরা বলেন, নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে খাদ্য ও বাসস্থানের ব্যয়ই আয়ের বড় অংশ গ্রাস করছে। মধ্যবিত্তের ক্ষেত্রে বাড়তি চিকিৎসা, সন্তানের শিক্ষা, বাসা ভাড়া ও কিস্তির খরচ সামাল দেওয়া কঠিন হয়ে উঠছে। ফলে ঋণ করে চলা, সঞ্চয় ভাঙা এবং প্রয়োজনীয় ব্যয় পিছিয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। তাই মূল্যস্ফীতিসহ আয় ও ব্যয়ের ব্যবধান কমানো, কর্মসংস্থান ও প্রকৃত মজুরি বৃদ্ধি এবং বাজারে কার্যকর প্রতিযোগিতা নিশ্চিতে সরকারি উদ্যোগ জরুরি।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধএই দিনে