ট্রাকের পেছনে ধাক্কায় স্লিপার বাসে আগুন, বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীরা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৪৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় চলন্ত ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে যাত্রীবাহী একটি স্লিপার বাস। এতে মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। তবে দ্রুত যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে উপজেলার সদর ইউনিয়নের লোহারদীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি প্রেসিডেন্ট পরিবহনের যাত্রীবাহী স্লিপার বাস চলন্ত অবস্থায় একইমুখি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটিতে আগুন ধরে যায়। আশপাশের লোকজন এগিয়ে আসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের একটি টিম। তবে তারা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দুর্ঘটনা কবলিত বাসটির ভেতরে তল্লাশি করে কাউকে হতাহত অবস্থায় পাওয়া যায়নি।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা