এলিভেটেড এক্সপ্রেসওয়ের ব্যয় বাড়লো ৭৯৩ কোটি ৬৫ লাখ টাকা

ডিসেম্বরের মধ্যে ৯টি র‌্যাম্পসহ প্রকল্পের কাজ শেষ হওয়ার আশা

হাসান আকবর | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর যান চলাচলে গতিশীলতা আনার লক্ষ্যে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণ ব্যয় আবারও বাড়ানো হয়েছে। ১৪৪ কোটি ৬২ লাখ ৬০ হাজার টাকা বৃদ্ধি করে প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ৫১৩ কোটি ৬৯ লাখ ৭০ হাজার ৮৭১ টাকা। শুরুতে প্রকল্পটির মূল ব্যয় ছিল ২ হাজার ৭২০ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৭৬০ টাকা। সেই হিসাবে মূল চুক্তির তুলনায় এখন পর্যন্ত ব্যয় বেড়েছে ৭৯৩ কোটি ৬৫ লাখ ৩ হাজার ১১১ টাকা। র‌্যাম্প নির্মাণ, ভূমি অধিগ্রহণসহ নানা খাতে ব্যয় বেড়ে যাওয়ায় প্রকল্পটির ব্যয় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সিডিএ। আগামী ডিসেম্বরের মধ্যে ৯টি র‌্যাম্পসহ প্রকল্পটির কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে দ্বিতীয় ভেরিয়েশন এবং প্রকল্প ব্যয় বাড়ানোর প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়।

সূত্র জানিয়েছে, নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ডব্লিউডি–১ প্যাকেজের আওতায় এই ব্যয় বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বাস্তবায়নাধীন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে নগরীর লালখান বাজার থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও পতেঙ্গা পর্যন্ত দ্রুত যোগাযোগ স্থাপন করা। একই সঙ্গে চট্টগ্রাম বন্দর, ইপিজেড, দক্ষিণ চট্টগ্রাম এবং নগরীর শিল্পাঞ্চলগুলোর সঙ্গে যোগাযোগ সহজ করা। প্রকল্পটির দৈর্ঘ্য প্রায় ১৬ দশমিক ৫০ কিলোমিটার এবং প্রস্থ ১৬ দশমিক ৫ মিটার। এটি চার লেনবিশিষ্ট উড়ালসড়ক হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়। ২০১৭ সালের জুলাইয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পাওয়া প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৭২০ কোটি ৪ লাখ ৬৭ হাজার ৭৬০ টাকা। এখন পর্যন্ত ব্যয় বেড়েছে ৭৯৩ কোটি ৬৫ লাখ ৩ হাজার ১১১ টাকা। প্রথমদিকে ২০২০ সালের জুনের মধ্যে নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ভূমি অধিগ্রহণ, নকশা পরিবর্তন, বিভিন্ন সরকারি সংস্থার আপত্তি ও সমন্বয়হীনতার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। কয়েক দফায় প্রকল্পের মেয়াদও বাড়ানো হয়। ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রকল্পটির বাস্তবায়নকাল ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উল্লেখ করা হয়েছে। প্রকল্পটির মূল অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে আগেই। ২০২৪ সালের আগস্টে পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হয় এবং ২০২৫ সালের ৩ জানুয়ারি নিয়মিত যান চলাচল শুরু হয়।

তবে উদ্বোধন ও যান চলাচল শুরু হলেও র‌্যাম্প নির্মিত না হওয়ায় প্রকল্পটির পূর্ণ সুফল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ওঠানামার র‌্যাম্প নির্মাণ ও চালু করতে দীর্ঘ সময় লাগছে। শুরুতে ১৫টি র‌্যাম্প নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে নকশা ও বাস্তবায়নগত জটিলতায় তা কমিয়ে ৯টিতে আনা হয়।

সিডিএ সূত্র জানায়, ২০২৫ সালে প্রকল্পটির সম্ভাব্য যান চলাচলের লক্ষ্যমাত্রা ছিল প্রতিদিন প্রায় ৩৯ হাজার ৩৮৮টি। কিন্তু ওই বছর প্রকৃত যান চলাচল ছিল দৈনিক গড়ে ৮ হাজার ১২১টি। ২০২৬ সালে যান চলাচল কিছুটা বাড়লেও র‌্যাম্পের সীমাবদ্ধতা কাটলে এই সংখ্যা বহু বেড়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

প্রকল্পটির জন্য সরকার ৫২৪ কোটি টাকা ঋণ দিয়েছে। এই ঋণ ২ শতাংশ সুদে ২০ বছরে পরিশোধ করতে হবে। পাঁচ বছরের গ্রেস পিরিয়ড শেষে ২০২৮ সাল থেকে সুদসহ মোট ৬৫৪ কোটি টাকা পরিশোধের কথা রয়েছে। সিডিএকে এই অর্থ পরিশোধ করতে হবে।

প্রাথমিকভাবে তিন বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা থাকলেও প্রায় এক দশক ধরে প্রকল্পটির কাজ চলেছে। একাধিকবার নকশা পরিবর্তন, জমি অধিগ্রহণে জটিলতা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়হীনতা প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি করেছে।

নগরীর যান চলাচলে গতিশীলতার পাশাপাশি বন্দর, বিমানবন্দর, ইপিজেড ও দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ সহজ করতে নেওয়া এই প্রকল্প পুরোদমে চালু হলে নগরীর প্রধান সড়কগুলোর ওপর যানবাহনের চাপ কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করে সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন গতকাল দৈনিক আজাদীকে জানান, আগামী ডিসেম্বরের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে। তিনি বলেন, র‌্যাম্প নির্মাণ, ভূমি অধিগ্রহণে খরচ বেড়েছে। তাই প্রকল্পের ব্যয় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সরকার ব্যয় অনুমোদন করলেও ডিসেম্বরেই প্রকল্পের কাজ শেষ করার তাগাদা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্টদের মতে, সবগুলো র‌্যাম্প চালু, প্রয়োজনীয় সংযোগ সড়ক নির্মাণ এবং যানবাহনের নির্বিঘ্ন প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করা গেলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত মেগা প্রকল্পটি শহরের যান চলাচলের ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক ভূমিকা রাখবে।

পূর্ববর্তী নিবন্ধপ্যাকিং ও র‌্যাপিং মেশিনের ঘোষণায় সিগারেট তৈরির মেশিন আমদানি
পরবর্তী নিবন্ধদুই রপ্তানি চালানে অনিয়ম, দেড় কোটি টাকার শুল্ক ও কর ফাঁকি