চট্টগ্রাম থেকে পেকুয়ার গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

পেকুয়া প্রতিনিধি | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বন্দর থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে সুমি আক্তার (১৯) নামে পেকুয়ার এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী মোহাম্মদ আলীকে (২২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের ট্রাকের মোড় এলাকার রাজুর ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সুমি আক্তার কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বিএম চর ইউনিয়নের বাঁশখালিয়াপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের সবুজপাড়া এলাকার ফিরোজ আহমদের ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে সুমির বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তিনি চট্টগ্রামের ইপিজেড এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে ওই বাসায় সুমির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মোহাম্মদ আলীকে আটক করে।

সুমির খালা অভিযোগ করে বলেন, ‘বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলেন। আমার অভিযোগ, আজ তাকে মেরে ফেলা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

পুলিশ সূত্রে জানা গেছে, সুমির গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। তবে তার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যার কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, নারীসহ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধকক্সবাজারে আবারও হোটেলে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে এড়ানো গেল ক্ষয়ক্ষতি