বাকলিয়ায় বাড়ির সামনে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু, নারীসহ গ্রেপ্তার ২

মাদক ব্যবসা নিয়ে পূর্ব শত্রুতার জের

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ নভেম্বর, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার ১৯নং ওয়ার্ডে তক্তারপুল এলাকায় নিজ বাড়ির সামনে ছুরিকাঘাতে আব্দুস সোবহান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত সোবহান তক্তারপুল এলাকার নুর ইসলামের ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা, মাদকসহ ১৯ মামলা রয়েছে। এলাকায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে পূর্ব শত্রুতার জেরে সোবহানকে হত্যা করা হয়েছে।

পুলিশ জানায়, মাদকসংক্রান্ত পূর্বশত্রুতা এবং এলাকার আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে আব্দুস সোবহানকে তার বাড়ির সামনে গলির মুখে প্রতিপক্ষ শওকত গ্রুপের লোকজন ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে চলে যায়। এসময় পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাকলিয়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আমির হোসেন প্রকাশ বুলেট (২৩) ও মোমেনা বেগম (৪৫)-কে গ্রেপ্তার করে। এ ছাড়া পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশে তৈরি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয়েছে। রাতে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে হত্যাকাণ্ডের পর পুলিশ বাকলিয়া এলাকায় অভিযানে নামে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বুলেট ও মোমেনাকে আটক করা হয়েছে। পরে পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি, একটি দা ও একটি স্টিলের টিপ ছুরি উদ্ধার করেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সোবহানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির আইসি এসআই নুরুল আলম আশেক।

স্থানীয়রা জানান, মাদক সংক্রান্ত পুরোনো বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাঁর প্রতিপক্ষ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। হত্যাকারীদের গ্রেপ্তারে বাকলিয়া থানার একাধিক টিম মাঠে কাজ করছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত বছরের ২৫ জুলাই তক্তারপুল এলাকা থেকে মহিউদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় একই বছরের ৯ আগস্ট সোবহানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ জানায়, মহিউদ্দিনকে হত্যার জন্য সোবহান ভাড়াটে খুনি ঠিক করে তাদের পিস্তল দিয়ে সাহায্য করেন। মূলত তক্তারপুল এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ধরে রাখতে এই খুনের ঘটনা ঘটেছে। নিহত সোবহানের ভাই জানান, বিরোধের জেরে তাঁর ভাইকে বাড়ির সামনে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। তিনি তার ভাইয়ের খুনের বিচার চেয়েছেন। নিহতের পরিবার জানায়, রাতে বাসায় খাওয়া–দাওয়া করে গেইটের বাইরে বের হয়েছিলেন সোবহান। এ সময় বাসার পেছন থেকে ও সামনে কিছু লোকজন এসে সোবহানকে ঘিরে ধরে কুপিয়ে ও উপর্যুপরি ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যায়।

পরিবারের সদস্যরা আরও জানান, এর আগে গত ৩ নভেম্বর রাতে একবার বাসায় হামলা করেছিল কিছু লোক। তারা বাসায় এসে গেটে এবং ভবনের দরজায় ভাঙচুর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। লাশ দাফনের কাজ শেষে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় সাইকেল চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম থেকে পেকুয়ার গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক