আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে দ্বিতীয় দিনের খেলায় জিতেছে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি এবং এজে ক্রিকেট একাডেমি। বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে দিনের প্রথম খেলায় মিলেনিয়াম ক্রিকেট একাডেমি ২ উইকেটে চিটাগাং ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় এজে ক্রিকেট একাডেমি ৮ উইকেটের ব্যবধানে চন্দনাইশ ক্রিকেট একাডেমির বিপক্ষে জয় পায়। টসে জিতে ফিল্ডিং বেছে নেয় মিলেনিয়াম ক্রিকেট একাডেমি। প্রথমে ব্যাট করতে নেমে চিটাগাং ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার জাহেদুল ইসলাম অপরাজিত ৭১ রান করেন। জিয়াউল করিম অপন ২২ এবং মো. জয় ১৬ রান করেন। মিলেনিয়াম ক্রিকেট একাডেমির তন্ময় সূত্র ২টি এবং মো. মিসবাহ ১টি উইকেট লাভ করেন। জবাবে মিলেনিয়াম ক্রিকেট একাডেমি ১৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান তুলে জয় নিশ্চিত করে। দলের পক্ষে তন্ময় সূত্র ৪৩ রান করেন। এছাড়া মো. রায়হান উদ্দিন অপরাজিত ২৯, ওপেনার মো. আবু নাসের হৃদয় ২৪ রান করেন।

চিটাগাং ক্রিকেট একাডেমির হয়ে আমিনুল ইসলাম রায়হান ২টি এবং হাসিবুল হাসান ১টি উইকেট নেন। খেলা শেষে ম্যাচসেরা বিজয়ী দলের তন্ময় সূত্রের (৪৩ রান ও ২ উইকেট) হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য জয়নাল আবেদীন। দিনের অপর ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চন্দনাইশ ক্রিকেট একাডেমি ১৮.১ ওভারে ৯১ রানে অলআউট হয়। দলের পক্ষে মো. ওমর ফারুক ২৭ এবং মো. আবিদ হাসান ২৪ রান করেন।
এজে ক্রিকেট একাডেমির অমিত কুমার, মো. সাইফ আলী এবং কাজী মো. তাসনিন প্রত্যেকে ৩টি করে উইকেট লাভ করেন। ৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এজে ক্রিকেট একাডেমি ১৬.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৯২ রান সংগ্রহ করে। দলের পক্ষে ওপেনার অদৃপ্ত বিশ্বাস অপরাজিত ৪৯ এবং অমিত কুমার অপরাজিত ১০ রান করেন। চন্দনাইশ ক্রিকেট একাডেমির বোলার মিজানুর রহমান এবং মো. বোরহান উদ্দিন প্রত্যেকে ১টি করে উইকেট নেন। খেলা শেষে ম্যাচসেরা এজে ক্রিকেট একাডেমির অদৃত বিশ্বাসের (অপরাজিত ৪৯ রান) হাতে পুরস্কার তুলে দেন সাবেক জাতীয় ক্রিকেটার মাসুম–উদ–দৌলা।












