পণ্য সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

| বৃহস্পতিবার , ১২ নভেম্বর, ২০২৬ at ১০:৪৬ পূর্বাহ্ণ

আসন্ন রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে চাল, গম, পেঁয়াজ, ভোজ্যতেল ও চিনিসহ ১০টি পণ্য আমদানিতে এলসি (ঋণপত্র) খোলার নগদ মার্জিন সর্বনিম্ন পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৮ নভেম্বর কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, এসব পণ্য আমদানির ক্ষেত্রে ব্যাংকার–গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এলসি খোলার নগদ মার্জিনের হার সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে। পাশাপাশি আমদানিকারকদের এলসি খোলার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তালিকায় থাকা ১০টি পণ্য হলো– চাল, গম (আটা), পেঁয়াজ, ডাল, সয়াবিন ও পাম অয়েল, চিনি, ছোলা, মটর, মসলা এবং খেজুর। সার্কুলারে বলা হয়েছে, আসন্ন রমজানে এসব ভোগ্যপণ্যের চাহিদা বাড়বে। এ কারণে আমদানি প্রক্রিয়া সহজ করে বাজারে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং মূল্য সহনীয় পর্যায়ে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, বাজারে পণ্যের সংকট এড়াতে প্রয়োজনীয় পণ্য আমদানির পাইপলাইনে পর্যাপ্ত মজুত রয়েছে। এ মুহূর্তে ভোজ্যতেলের দাম বাড়ানোরও কোনো পরিকল্পনা সরকারের নেই। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

রমজানে পণ্যের সরবরাহ পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, ভোজ্যতেল, ছোলা, ডাল ও চিনিসহ আমদানিনির্ভর পণ্যের সরবরাহ এবং আসন্ন রমজানের সম্ভাব্য চাহিদা বিবেচনায় নিয়ে সরকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পণ্য আমদানির পাইপলাইনে পর্যাপ্ত পণ্য রয়েছে। ফলে রমজান কিংবা এর আগে–পরে বাজারে পণ্যের ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। তবে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম ও জাহাজভাড়ার ওঠানামা আমদানি ব্যয় এবং দেশের বাজারে পণ্যের দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন তিনি।

খাতুনগঞ্জে পুরোদমে রমজানের প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে অনেক ব্যবসায়ী রমজানকে কেন্দ্র করে পণ্য গুদামজাত করেছেন। আবার অনেকের পণ্য আসার পথে। এছাড়া অনেকে পণ্য আমদানির জন্য নতুন করে ব্যাংকে এলসি (্‌ঋণপত্র) করছেন। এবিষয়ে ১০ নভেম্বর দৈনিক আজাদীতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের ঠিক দুই থেকে আড়াই মাস আগে থেকে ব্যবসায়ীরা পণ্য গুদামজাত শুরু করেন। এরপর থেকে বিভিন্ন জেলার ক্রেতাদের অর্ডার অনুযায়ী ব্যবসায়ীরা পণ্য সরবরাহ করে থাকেন। আগামী বছর রমজান শুরু হচ্ছে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতে। সেই হিসেবে পাইকারি ব্যবসায়ীদের হাতে সময় আছে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। কারণ রমজানের দুই সপ্তাহ আগে পাইকারিতে পণ্য বেচাবিক্রি কমে যায়। তখন এসব পণ্য চলে যায় খুচরা ব্যবসায়ীদের হাতে।

খাতুনগঞ্জের আমদানিকারকরা বলছেন, পণ্য বুকিং থেকে শুরু করে গুদামে আসা পর্যন্ত দেড় থেকে দুই মাস সময় লাগে। অনেক সময় বন্দর থেকে পণ্য ছাড় করতেও সময়ের প্রয়োজন হয়। রমজানকে কেন্দ্র করে ইতোমধ্যে পর্যাপ্ত পরিমাণ ছোলা, মটর ও মসুর ডাল আমদানি হয়েছে।

বিশেষজ্ঞরা বলেন, আসন্ন রমজান আমাদের সামনে বাজারকে তীব্র রকমের অস্বস্তিকর করে তুলবে বলে সবার আশঙ্কা। বিভিন্ন খাদ্যপণ্য আমদানির ওপর সরকার কর হ্রাস করলেও ডলারের মূল্যের অজুহাতে সেসব পণ্যের মূল্যহ্রাস তো দূরের কথা স্থিতিশীলই থাকবে বলে মনে হয় না। বরং রমজানের সময় যেসব পণ্যের ব্যাপক চাহিদা তার দাম আগেই সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। ফলে সাধারণের মধ্যে কেবল অস্বস্তি নয়, সীমাহীন আতঙ্কও ঘুরপাক খাচ্ছে! তাঁরা বলেন, উন্নত বিশ্বে রমজানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে জনগণের ভোগান্তি লাঘব করা হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মূল কারণ অসাধু ব্যবসায়ীদের কারসাজি এবং বাজার তদারকির অভাব। অনেক সময় সরকার মূল্য নির্ধারণ করে দিলেও তা বাস্তবায়নে তেমন কঠোর ব্যবস্থা নেওয়া হয় না। ফলে সাধারণ জনগণ প্রতিনিয়ত অসাধু ব্যবসায়ীদের হাতে জিম্মি হয়ে পড়ে। এই সংকট সমাধানে সরকারের আরও কার্যকর ও কঠোর মনিটরিং ব্যবস্থা প্রয়োজন। রমজানের বাজারে স্বস্তি ফেরাতে হলে কেবল আমদানির ওপর নির্ভরশীল থাকলেই চলবে না, বরং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। জাহাজীকরণ থেকে শুরু করে পাইকারি আড়ত হয়ে খুচরা বাজার পর্যন্ত প্রতিটি স্তরে কড়া নজরদারি প্রয়োজন।

পূর্ববর্তী নিবন্ধ৭৮৬
পরবর্তী নিবন্ধএই দিনে