গত কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম–কক্সবাজার সড়কে দুর্ঘটনার ভিডিও দেখছি। কোথাও বাস উল্টে যাচ্ছে, কোথাও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, আবার কোথাও মোটরসাইকেল, সাইকেল কিংবা পথচারী চাপা পড়ছে। অকালে প্রাণ হারাচ্ছেন পর্যটক ও স্থানীয় অধিবাসীরা। কেউ স্কুলের ছাত্র, কেউ বাজারে যাওয়া বাবা। আর এমন মৃত্যু দেখতে চাই না। এর একটি সামগ্রিক সমাধান এখন জরুরি।
সামনে পিকনিকের মৌসুম। এ সময়ে পিকনিকের বাস, পর্যটকের গাড়ি ও ভারী ট্রাক একসঙ্গে চলাচল করবে। ফলে স্থানীয় অধিবাসীদের চলাচল আরও ঝুঁকিপূর্ণ হবে। পর্যটকদের আনন্দের পাসাপাশি সব যাত্রী ও স্থানীয় মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
বর্তমান সড়কে জরুরি করণীয়: প্রথমত, গতি নিয়ন্ত্রণে চুনতি, লোহাগাড়া ও চকরিয়া এলাকায় স্পিড ক্যামেরা ও মোবাইল চেকপোস্ট স্থাপন করতে হবে। স্কুল ও মসজিদের সামনে গতি কঠোরভাবে সীমিত করতে হবে। দ্বিতীয়ত, শাহ আমানত ব্রিজসহ বিভিন্ন মোড়ে গাড়ির ফিটনেস ও চালকের লাইসেন্স যাচাই করতে হবে। লাইসেন্সবিহীন চালক ও মেয়াদোত্তীর্ণ ফিটনেসের গাড়ি চলাচল বন্ধ করতে হবে। তৃতীয়ত, স্কুল ও বাজারের ব্যস্ত সময়ে ভারী যানবাহন চলাচল সীমিত করতে হবে। চতুর্থত, বাজার এলাকায় রাস্তার ওপর গাড়ি দাঁড় করানো বন্ধ, জেব্রা ক্রসিং স্থাপন ও পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করতে হবে। পঞ্চমত, প্রতি দশ কিলোমিটার পরপর অ্যাম্বুলেন্স ও পুলিশ টহলের ব্যবস্থা করতে হবে।
ছয় লেন কেন জরুরি: এসব পদক্ষেপ সাময়িকভাবে দুর্ঘটনা কমাতে পারে, কিন্তু স্থায়ী সমাধান নয়। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও পর্যটনের কারণে এই সড়কে যানবাহনের চাপ বাড়বে। দুই লেন দিয়ে তা সামলানো সম্ভব নয়। তাই সড়কটি সরাসরি ছয় লেনে উন্নীত করতে হবে। মাঝখানে ডিভাইডার এবং দুই পাশে সার্ভিস লেন রাখতে হবে, যাতে স্থানীয় মানুষ নিরাপদে চলাচল করতে পারেন। তবে উন্নয়নের নামে চুনতি অভয়ারণ্য ধ্বংস করা যাবে না। হাতি চলাচলের এলাকায় ফ্লাইওভার নির্মাণ করতে হবে, যাতে নিচ দিয়ে হাতি এবং ওপর দিয়ে গাড়ি চলতে পারে। শাহ আমানত ব্রিজের পর থেকে সড়কের দুই পাশে গাছ লাগিয়ে যথাযথ পরিচর্যা করতে হবে।
রেল যোগাযোগ শক্তিশালী করাও জরুরি। নতুন ট্রেন সংযোজন ও বগি বাড়ালে টিকিট পাওয়া সহজ হবে, ভিড় কমবে এবং সড়কে বাসের চাপ হ্রাস পাবে। রেলভ্রমণ আরও নিরাপদ, আরামদায়ক ও সাশ্রয়ী হবে। সড়ক উন্নয়ন মানে শুধু পিচঢালা পথ নয়, মানুষের জীবন বাঁচানো। চট্টগ্রাম–কক্সবাজার সড়ককে আধুনিক, নিরাপদ ও ছয় লেনে উন্নীত করা এখন জরুরি প্রয়োজন। একই সঙ্গে বন, হাতি ও বন্যপ্রাণী রক্ষা করতে হবে। সরকার, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে দাবি তুললে এই উন্নয়ন বাস্তবায়ন সম্ভব। সবুজ সড়ক হোক, নিরাপদ সড়ক হোক, সুন্দর জীবন হোক এটাই আমাদের প্রত্যাশা।











