(পূর্ব প্রকাশিতের পর)
হংকংয়ের অতি ব্যস্ত এলাকা চুয়েন ওয়ান চাই ওয়ান কক স্ট্রিটের অফিসপাড়ায় দাঁড়িয়ে আছি আমি। চারদিকে ব্যস্ত মানুষ। ছুটে চলছে, কারো হাতে সময় নেই। কেউ কারো দিকে তাকাচ্ছে বলেও মনে হচ্ছে না। আমার দিকেও কারো ভ্রুক্ষেপ নেই। হংকংয়ে এতোভাবে ঘুরলাম, রাত বিরাতে হেথায় হোথায় গেলাম। অথচ একজন মানুষও আমাকে জিজ্ঞেস করলো না যে, কোত্থেকে এসেছি, আমার ভিসা আছে কিনা! না পুলিশ, না কোন সাধারণ মানুষ।
আমার বন্ধু ইউছুপ আলী ভাইয়ের অফিস এখানে। বন্ধুর সাথে আগেও বেশ ক’বার অফিসে আসা হয়েছিল। বন্ধু মারা যাওয়ার পর ভাবীই অফিস সামলান। ভাবীর সাথেও দুইবার এলাকাটিতে আসলাম। অতি ব্যস্ত একটি এলাকা।
অল্পক্ষণের মধ্যেই বাল্যবন্ধু স্বপন এসে হাজির হলো। তার অফিসও কাছাকাছিতে। তবে আমাকে একা ছেড়ে দিলে খুঁজে পেতে কষ্ট হবে। স্বপন বললো, বায়ার মিটিং ছিল। তাই সাথে সাথে আসতে পারিনি, সরি।
আমি তার হাতটি হাতে নিয়ে বললাম, আরে সরি বলার কি আছে? এসেছিস তো। আমার তো কোন কাজ নেই। ভাবী অফিসে কাজ করছেন,আমি চারপাসটা ঘুরে দেখার কথা বলে নেমে এসেছি। এখন কোথাও গেলে ভাবীকে বাসায় চলে যেতে বলবো, আমি পরে ফিরবো।
স্বপন বললো, চল, আগে তোকে কিছু খাই, তারপর চিন্তা করা যাবে। আমি কিছু বলার আগেই স্বপন সামনের দিকে হাঁটতে শুরু করলো।
হংকংয়ের স্কাইলাইন হিসেব করলে এই এলাকার সাথে মিলবে না। এখানে আকাশছোঁয়া অট্টালিকা, ঝলমলে শপিংমল, ব্যস্ত বন্দর কিছুই নেই। এই এলাকায় যেনো হংকং একেবারে ভিন্ন এক চেহারার। একসময় চুয়েন ওয়ান ছিল হংকংয়ের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। বিশেষ করে বস্ত্রশিল্প ও হালকা শিল্পের জন্য এলাকাটির ব্যাপক পরিচিতি ছিল। সময়ের সঙ্গে হংকংয়ের অর্থনীতি বদলেছে, বদলেছে শিল্পের ধরনও। পুরোনো অনেক কারখানার জায়গায় গড়ে উঠেছে আধুনিক অফিস, বাণিজ্যিক ভবন ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান। এখানে চাকচিক্যের চেয়ে ঐতিহ্য বেশি। সারি সারি বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের ভবন পাশে রেখে আমরা হাঁটছি। অনেক শিল্প বন্ধ হয়ে গেছে। ওইসব ভবন এখন বিভিন্ন ব্যক্তি ও কোম্পানি কিনে নিয়ে অফিস করেছেন। ইউছুপ আলী ভাইয়ের অফিসটাও একসময় কারখানা ছিল। প্রযুক্তির ছোঁয়া, আধুনিকায়ন এবং শ্রমিকের মজুরি অস্বাভাবিক বৃদ্ধির ফলে বহু কারখানাই বন্ধ হয়ে গেছে, সরিয়ে নেয়া হয়েছে।
এলাকাটিতে পুরানো শিল্প কারখানার ভবনের পাসাপাশি নতুন এবং আধুনিক ডিজাইনের অফিসও গড়ে উঠেছে। কোথাও পুরোনো শিল্পকারখানার নানা স্থাপনা রয়েছে। আবার কোথাও চালু কারখানা। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানও এলাকাটিতে রয়েছে। ভবনগুলোর স্থাপত্যে খুব বেশি বাহুল্য নেই। একেবারে বাস্তবধর্মী অবকাঠামো। কোন চাকচিক্য নয়, কাজের জন্যই কাজের উপযোগি করে ভবন নির্মাণ করা হয়েছে। পুরোনো ও নতুন স্থাপনার সহাবস্থান এলাকাটিকে একটি ভিন্নমাত্রা দিয়েছে বলেও মনে হলো আমার। শিল্পাঞ্চলের ঐতিহ্য ধরে রেখেই অনেক পুরোনো ভবন নতুন করে ব্যবহার উপযোগী করা হয়েছে। একসময়কার বস্ত্রকলকে নতুন রূপ দিয়ে সেখানে গড়ে তোলা হয়েছে সৃজনশীল ও সাংস্কৃতিক পরিসর। পুরোনো শিল্পঐতিহ্যকে এভাবে সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করার উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
একটি শহর কীভাবে নিজের পুরোনো পরিচয় ধরে রেখেও সময়ের সঙ্গে আধুনিক হয়ে উঠতে পারে, চুয়েন ওয়ান তার একটি ভালো উদাহরণ। পুরোনো শিল্পাঞ্চলকে নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার প্রচেষ্টাকে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অথচ হংকং চাইলে পুরো এলাকার পুরানো ভবনগুলো ভেঙ্গে আকাশছোঁয়া অট্টালিকা নির্মাণ করতে পারে। ভূমির এতো অভাব, এতো দাম মাটির, তবুও পাঁচ ছয়তলা উচ্চতার পুরানো ভবনগুলোকে রেখে দেয়া হয়েছে।
দুপুরের দিকে রাস্তায় বেশ কর্মচাঞ্চল্য। অফিস থেকে বেরিয়ে আসছেন কর্মজীবী মানুষ। কেউ দ্রুত পায়ে কোথাও যাচ্ছেন, কেউ সহকর্মীর সঙ্গে কথা বলতে বলতে হাঁটছেন। আশপাশের খাবারের দোকানগুলোতেও মানুষের আনাগোনা। ছোট ছোট রেস্টুরেন্ট, ক্যাফে আর খাবারের দোকান যেন এই এলাকার কর্মব্যস্ত মানুষের দুপুরের ভরসাস্থল।
স্বপন আমাকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসলো। বললো, এখানে এর থেকে ভালো রেস্টুরেন্ট পাওয়া যাবে না। আমি শুধু কফি খাবো বলে জানালাম। লাঞ্চ করে ফেলার প্রস্তাব দিলো স্বপন। ভাবী রাগ করবেন বলে তাকে বিরত রাখলাম। কফির কাপে চুমুক দিতে দিতে আমি বাইরের ব্যস্ত অফিসপাড়া দেখতে লাগলাম।
হংকংয়ের মানুষের সময়জ্ঞান সত্যিই বিস্ময়কর। এই সময়জ্ঞানই তাদেরকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তাদের কাছে কাজের সময় কাজ, বিরতির সময় খাবার কিংবা একটু বিশ্রাম। আমি খেয়াল করে দেখলাম যে, একটু আগে যারা রেস্টুরেন্টে খাচ্ছিলেন তারা খাবার শেষ করে দ্রুত আবার অফিসের দিকে ছুটছেন, তাদের পায়ের গতিই বলে দিচ্ছিলো যে, নষ্ট করা কিংবা ফাঁকি দেয়ার মতো সময় তাদের হাতে নেই।
স্বপন আমাকে সীমান্ত এলাকার বন্ধুর কাছে যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করলো। বললো, বহুদূর। এখান থেকে গিয়ে আজ আবার ফিরে আসলে খুবই কষ্ট হবে। রাতে থাকতে পারলে যেতে পারিস। কিন্তু পরদিনই আমার দেশে ফেরার ফ্লাইট, তাই আগের দিন আর কোন ঝুঁকি নিতে চাইলাম না। স্বপনের কথা মেনে নিয়ে বন্ধুকে ফোন করে দেশে গেলে দেখা হবে বলে বিদায় নিয়ে নিলাম। তিনি মন খারাপ করলেন। বললেন, কতদিন দেখা হয়নি, এতো কাছে এসেও না দেখে চলে যাবেন!
কফি শেষ করে স্বপন আর কোথাও ঘুরতে যাবো কিনা জানতে চাইলো। বললাম, জায়গাটি খুবই ভালো লেগেছে। চল, এখানে ঘোরাঘুরি করে আরো কিছু দেখি। স্বপন হাসলো, বললো, এটাতো পুরানো এলাকা। সুন্দর দেখতে হলেও অন্য জায়গায় যেতে হবে।
আমি পুরানো অফিসপাড়া দেখতে ভালো লাগছে বলে হাঁটতে শুরু করলাম। হংকংয়ের এই এলাকাটির সঙ্গে আমাদের চট্টগ্রামের কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। চট্টগ্রামও দেশের প্রধান বন্দরনগরী, শিল্প ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আমাদের এখানেও পুরোনো শিল্পাঞ্চল, নতুন বাণিজ্যিক ভবন এবং দ্রুত পরিবর্তনশীল নগরজীবন রয়েছে। তবে পরিকল্পিত নগরায়ণ, গণপরিবহন, অবকাঠামোর ব্যবহার এবং পুরোনো স্থাপনাকে নতুনভাবে কাজে লাগানোর ক্ষেত্রে হংকংয়ের সাথে নিজেদের তুলনা করার সাহস আমার হলো না। নগরায়ণ এবং গণপরিবহনে পৃথিবীর সেরাদের সেরা হচ্ছে হংকং। অনেক উন্নত দেশও এক্ষেত্রে তাদের মতো হতে পারেনি। ভাবীর ফোন আসা পর্যন্ত আমরা ঘুরলাম। অফিসপাড়ার ব্যস্ত দুপুর দেখতে খারাপ লাগছিলো না। স্বপন তাগাদা দিয়ে বললো, রাস্তায় রাস্তায় ঘুরে লাভ কি? চল কোথাও যাই। আহারে ভাই, রাস্তায় রাস্তায় ঘুরে যে কী লাভ তা যদি বুঝতি! হাসলাম আমি।
স্বপনকে বললাম–আজ কোথাও ঘুরতে যাবো না। ভাবীর সাথে গিয়ে লাঞ্চ করে ঘুম দেবো। কাল দুপুরে ফ্লাইট। এয়ারপোর্ট যেতে হবে। তুই ফ্রি থাকলে আমাকে এয়ারপোর্টে পৌঁছে দিতে পারিস, কাজ থাকলে সমস্যা নেই। আমি বাস বা উবারে এয়ারপোর্ট চলে যাবো। স্বপন আমাকে জড়িয়ে ধরে বললো, এটা কি বললি! অবশ্যই তোকে আমি এয়ারপোর্টে দিয়ে আসবো। তুই বাসা থেকে বের হওয়ার আগ দিয়ে আমাকে ফোন দিবি। বাসে গেলেই ভালো। গাড়ির পার্কিং পাবো না। তুই এখান থেকে বাসে উঠলে সরাসরি এয়ারপোর্টে গিয়ে নামবি, পথে আমি ওই বাসে উঠবো।
ভাবী ফোন করে বাসায় ফেরার সময়ের কথা জানালেন। আমি বেশ বুঝতে পারছিলাম যে, যেখানে ঘুরছি, সেখান থেকে অফিস খুঁজে বের করা আমার জন্য কঠিন হবে। তবে স্বপন যেহেতু সাথে আছে তাই আর গুগলের সাহায্য নিতে হলো না। স্বপন আমাকে ভাবীর অফিসে পৌঁছে দিল।
বন্ধুকন্যা উরবানা গাড়ি চালাচ্ছে, ফ্রন্ট সিটে ভাবী। পেছনের সিটে আয়েশ করে বসে চারদিক দেখতে দেখতে যাচ্ছিলাম। অফিস থেকে বাসার দূরত্ব ১৫ কিলোমিটারের মতো। পুরো পথ জুড়ে কোথাও আকাশছোঁয়া শততলার ভবন, কোথাও দুর্দান্ত শপিংমল আবার কোথাও খোলামেলা প্রকৃতি! সবকিছু মিলে যেনো সাতরাজ্যের বিস্ময়! (চলবে)
লেখকঃ চিফ রিপোর্টার, দৈনিক আজাদী।











