এনএসআই পরিচয়ে চাঁদাবাজি, টাকা নিতে গিয়ে আটক

রাঙামাটি প্রতিনিধি | বুধবার , ১১ নভেম্বর, ২০২৬ at ৫:৪৫ পূর্বাহ্ণ

রাঙামাটিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয়ে চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত সাইদুর রহমানকে (৩০) আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে কাপ্তাই উপজেলার রাইখালী বাজার থেকে তাকে আটক করে চন্দ্রঘোনা থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনএসআই সদস্য পরিচয়ে কাপ্তাই উপজেলার রাইখালী বাজারের মেসার্স কাজী রাসেল এন্ড ব্রাদার্স নামে একটি দোকান থেকে চাঁদা আদায় করতেন সাইদুর রহমান। বিগত চার মাস ধরে ওই ব্যবসাপ্রতিষ্ঠান থেকে মাসিক ১০ হাজার টাকা করে নিয়েছেন সাইদুর।

স্থানীয় ব্যবসায়ীরা জানায়, গতকাল পুনরায় টাকা নিতে গেলে দোকান মালিকের সন্দেহ হয়। পরে তিনি চন্দ্রঘোনা থানায় খবর দেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাচাই–বাছাই করে ওই ব্যক্তিকে প্রতারক হিসেবে শনাক্ত করে আটক করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, আটক সাইদুর রহমানের পিতার নাম মো. বাদশা মিয়া। তার বর্তমান ঠিকানা রাঙ্গুনিয়া উপজেলার রোজারহাটে হলেও তিনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মানিকছড়ি মুসলিমপাড়ার স্থায়ী বাসিন্দা।

পূর্ববর্তী নিবন্ধরাউজান সরকারি কলেজের নির্মাণসামগ্রী চুরির অভিযোগ