অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উত্তর জেলা যুবদলের দুই নেতা দল থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ–সাধারণ সম্পাদক এন এ বাবুল এবং সহ–তথ্য যোগাযোগ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সরোয়ার। তারা রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের বাসিন্দা।
সংগঠন সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ বহিষ্কারাদেশ কার্যকর করেছেন। গতকাল ১০ নভেম্বর যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো ধরনের অপকর্মের দায়–দায়িত্ব দল গ্রহণ করবে না। একই সাথে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত, দাবিকৃত চাঁদা না দেওয়ায় রোববার রাতে প্রবাসী ইলিয়াসসহ দুজনকে ছুরিকাঘাত করা হয়। ভুক্তভোগী প্রবাসী পরিবারের ভাষ্য, কয়েক মাস ধরে ২০ লাখ টাকা চাঁদা দাবি আসছিল এন এ বাবুল ও সরোয়ার। রাউজান থানায় এ সংক্রান্ত সাধারণ ডায়েরি করা হলে সেটি মীমাংসার কথা বলে ডেকে নিয়ে দুজনকে ছুরিকাঘাত করা হয়। এ সময় ইলিয়াসের স্ত্রী, ছেলের বউসহ পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হন। এ ঘটনায় বাবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সরোয়ার আত্মগোপনে রয়েছে।








