হল্যান্ড থেকে

নজরুল বর্ষ ২০২৬ কে ঘিরে হল্যান্ডে মনোমুগ্ধকর গীতি-সন্ধ্যা

বিকাশ চৌধুরী বড়ুয়া | সোমবার , ৯ নভেম্বর, ২০২৬ at ১১:০১ পূর্বাহ্ণ

বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি। বিকেল থেকে যে তার শুরু থামার কোন লক্ষণ নেই। মনের ভেতর কে যেন আপনাতেই গুনগুন করে উঠে, ‘আজি ঝরো ঝরো মুখর বাদল দিনে জানি নে, জানি নে কিছুতেই কেন যে মন লাগে না।‘ মনের যখন এমন দশা, তখন এমন বাদল দিনে ‘মন–লাগার‘ মতো এক চমৎকার সংগীতানুষ্ঠানের আয়োজন করেছিল হল্যান্ডস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। গেল হপ্তায় এমন এক ‘ঝরো ঝরো মুখর বাদল‘ সন্ধ্যায় হেগ শহরের একটি ‘হলে‘ বাংলাদেশ থেকে আমন্ত্রিত দুই প্রথিতযশা নজরুল সংগীত শিল্পী– খায়রুল আনাম শাকিল (২০১৯ সালে একুশে পদক প্রাপ্ত) এবং কল্পনা আনাম– তাদের সুরেলা কণ্ঠে নজরুল সংগীত পরিবেশন করে মুগ্ধ করেছিলেন পিন–পতন নীরবতায় হল–ভর্তি দেশি–বিদেশী দর্শক–শ্রোতাদের। প্রবাসে দূতাবাসের পক্ষ থেকে এই ধরণের ‘সংগীতানুষ্ঠান‘ সচরাচর দেখা যায়না। প্রবাসে মাঝেমধ্যে ‘গান‘-এর অনুষ্ঠান হয় বটে, তবে তাতে গায়ক–গায়িকার গলা ফাটিয়ে গাওয়া গানের সাথে, আরো দশ বারোটা বাদ্যযন্ত্রের উচ্চ শব্দে এবং গায়ক–শ্রোতার নৃত্যে, শ্রোতার ‘কান‘-এর দশা হয় অনেকটা ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচির‘ মত। সবার হয়তো হয়না, তবে আমার মত সেকেলে–ধাঁচের শ্রোতার হয় বলে ধারণা। যে অনুষ্ঠানের কথা বলছি তা বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত বছরব্যাপী (২৫ মে ২০২৬ – ২৫ মে ২০২৭) ‘নজরুল বর্ষ’ উদযাপনের অংশ হিসাবে আয়োজন করা। ‘ইভিনিং উইথ নজরুল – ফর লাভ, জাস্টিস, ইকোয়ালিটি‘ শীর্ষক এই সংগীতানুষ্ঠানের অন্যতম লক্ষ্য– বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন এবং অসামপ্রদায়িক চেতনাকে দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে দেয়া। সৌম্য ও মৃদুভাষী রাষ্ট্রদূত ফয়েজ মুরশিদ কাজী অনুষ্ঠান শুরুর আগে আলাপ প্রসঙ্গে বলেন, ‘খুব অল্প সময়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করি লোকজন আসবেন।‘ তার আশঙ্কার কারণ তখনো দর্শক–শ্রোতা খুব একটা এসে পৌঁছায়নি। কিছুটা শঙ্কা আমারও ছিল। তার পেছনে কয়েকটা কারণ ছিল। সেদিন ছিল কর্মদিবস (ওয়ার্কিং ডে), তার উপর প্রকৃতি ছিল বৈরী, দুপুর থেকে বৃষ্টি। হেগ শহরে বৃষ্টি ও বাতাসের বেগ তেমন তীব্র না হলেও, হল্যান্ডের কোন কোন এলাকায় ঝড়ো–হাওয়া বইতে শুরু করেছিল অনুষ্ঠান শুরু হবার অনেক আগ থেকে। হাইওয়েতে ছিল যানবাহনের অস্বাভাবিক ভিড়। ফলে ধরে নিয়েছিলাম অনেকেই হয়তো আগ্রহ থাকা সত্বেও আসতে পারবেন না। অনেকের পৌঁছুতে দেরি হয়ে গিয়েছিল এই বৈরী আবহাওয়ার কারণে। বেলজিয়াম থেকে আসা প্রফেসর ভিলেম জানালেন, তাদের অনুষ্ঠানস্থলে পৌঁছুতে প্রায় চার ঘন্টা লেগে গেছে, অথচ লাগার কথা বড়জোর ঘন্টা আড়াই। বেলজিয়ামে স্থায়ীভাবে বসবাসরত ডাচ নাগরিক ড. উইলিয়াম (ডাচ উচ্চারণে ভিলেম) বাংলাদেশী স্ত্রী প্রফেসর ড. তাজিন মুরশিদ সহ এসেছিলেন। অনুষ্ঠানে কবি কাজী নজরুল ইসলামের উপর একটি লিখিত প্রবন্ধ পাঠ করেন প্রফেসর তাজিন মুরশিদ। তাদের দুজনের সাথে দীর্ঘদিনের পরিচয় ও জানাশোনা। দুজনই সজ্জন ব্যক্তি, বিদ্বান এবং স্বল্পভাষী। দর্শক–শ্রোতার সংখ্যা নিয়ে অনুষ্ঠান শুরুর আগে আশংকা প্রকাশ করেছিলেন ঢাকা থেকে আসা শিল্পী খায়রুল আনাম শাকিল। তিনি আমার পছন্দের শিল্পী। ভরাট গলা। সুদর্শন। অনুষ্ঠান শুরুর আগে নিজ থেকে এগিয়ে আলাপ করি তার সাথে। ‘আসবে তো লোকজন?’ তার প্রশ্ন। ‘অন্তত জনা পঞ্চাশেক এলে তাও কোন ভাবে চলে।‘ কিন্তু দেখা গেলো, আমাদের সকল ভয়, শংকাকে মিথ্যে প্রমাণ করে অনুষ্ঠান শুরু হবার মিনিট কয়েক আগেই ‘কয়েক পঞ্চাশ‘ দর্শক–শ্রোতা চলে এসেছেন। খানিকবাদে গোটা হল ভর্তি হয়ে গেলো। সত্যি বলতে কী কিছুটা অবাক হলাম, বৈরী আবহাওয়া উপেক্ষা করেও এত দর্শক–শ্রোতার উপস্থিতি দেখে। তার চাইতেও বেশি অবাক হলাম অধিক সংখ্যক ইউরোপীয় ও অন্যান্য দেশের অতিথির উপস্থিতি দেখে। সে কৃতিত্বের দাবি দূতাবাস কর্তৃপক্ষ করতেই পারেন।

২. কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম ছিল সমাজের অন্ধকারাচ্ছন্ন দিক এবং শোষণের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ। তার কবিতায় মানবতা, জাতীয়তাবাদ, ধর্মীয় সহিষ্ণুতা এবং সমাজবাদের বার্তা ছিল জোরালো এবং স্পষ্ট। তিনি একাধারে ছিলেন বিদ্রোহী, সমাজ সচতেন ও মুক্তচিন্তার কবি। তিনি লড়েছিলেন সমাজের কুসংস্কার এবং মানুষের ভেতরের ভয় ও দাসত্বের বিরুদ্ধে। ১৯২৩ সালে ধূমকেতু পত্রিকায় তার ‘আনন্দময়ীর আগমন‘ শীর্ষক লেখা সম্পাদকীয়ের জন্যে তাকে জেলে যেতে হয়। জেল থেকে ‘রাজবন্দীর জবানবন্দী‘ নামে একটি লেখায় নজরুল স্বাধীনতার জন্যে তার দৃঢ় সংকল্প প্রকাশ করেন। যাই হোক– নজরুল কী ছিলেন, সমাজ, দেশ, জাতির জন্যেই তার কী অবদান– সে প্রসঙ্গে যাবোনা। এই নিয়ে প্রচুর লেখালেখি আছে, পাঠকদের অনেকেরও জানা আছে বলে বিশ্বাস। কিন্তু নুতন প্রজন্ম নজরুলকে কতটা জানে সে ব্যাপারে একটি প্রশ্ন থেকে যায়। আর সে–প্রশ্ন থেকে যায় বলে, সরকার এই না–জানার ঘাটতি পূরণের লক্ষ্যে ‘নজরুল বর্ষের‘ আয়োজন করেছেন। আর করেছেন বলেই আমরা যারা দেশ থেকে সহস্র যোজন দূরে আছি, আমাদেরও সুযোগ হয়েছে দেশ থেকে আসা বরণ্যে নজরুল সংগীত শিল্পীদের পরিবেশন করা গান শ্রবণ করা।

৩. জনপ্রিয় মার্কিন কান্ট্রি ও ফোক সংগীতশিল্পী, গীতিকার এবং অভিনেতা জন ডেনভার বলেছিলেন, ‘সংগীত মানুষকে একত্রিত করে। আমরা যে–ভাষাতেই কথা বলিনা কেন, আমাদের গায়ের রং যাই হোক না কেন, আমাদের রাজনৈতিক কাঠামো যেমনই হোক, কিংবা ভালোবাসা ও বিশ্বাসের প্রকাশভঙ্গি যেমনই হোক না কেন, সংগীত প্রমান করে যে, আমরা সবাই একই রকম।‘ আর তাই সেদিনের বাদল–ঝরা সন্ধ্যেয় গানের টানে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে এসেছিলেন বিভিন্ন ভাষাভাষী মানুষ। উপস্থিত বিদেশি দর্শক–শ্রোতাদের কবি নজরুলকে, নজরুলের গানের মর্মবাণী বুঝার সুবিধার্থে গায়ক খায়রুল আনাম শাকিল এবং কল্পনা আনাম তাদের গাওয়া প্রতিটি গানের ইংরেজিতে সংক্ষিপ্ত ব্যাখ্যা দেন। এছাড়া ড. তাজিন মুরশিদও তার ইংরেজিতে দেয়া বক্তব্যে কবি নজরুলের বিভিন্ন দিক তুলে ধরেন। এই দুই শিল্পীর সাথে তবলায় যিনি ছিলেন তিনি গোটা হল্যান্ডে পরিচিত মুখ নিতি রঞ্জন। তিনি ভূতপূর্ব ডাচ রানীর অনুষ্ঠানে তবলা সংগত করেছেন, স্বনামধন্য বংশীবাদক হরিপ্রসাদ চৌরাশিয়ার সাথে একই মঞ্চে অনুষ্ঠান করেছেন। যাই হোক– বক্তৃতার পালা শেষ। আমার পেছনে, পাশে কয়েক দর্শক কিছুটা ছটফট করছিলেন কবে গাইবেন দেশ থেকে আসা শিল্পীরা। অস্বীকার করিনে, ওদের কারো কারো মতো আমিও থাকি তারই অপেক্ষায়। অবশেষে হারমোনিয়াম ধরলেন খায়রুল আনাম শাকিল। তবলার টুং শব্দ করলেন নিতি রঞ্জন। খায়রুল আনাম শাকিল দরাজ কণ্ঠে গাইলেন– ‘নহে নহে প্রিয় এ নয় আঁখি–জল / মলিন হয়েছে ঘুমে চোখের কাজল। / হেরিয়া নিশি–প্রভাতে / শিশির কোমল–পাতে / ভাব বুঝি বেদনাতে ফুঁটেছে কমল।’ আহা, প্রাণ যেন জুড়িয়ে গেলো। মনে মনে ধন্যবাদ জানাই রাষ্ট্রদূত সাহেবকে, এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করার জন্যে। এরপর কল্পনা আনাম গাইলেন ‘গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই./ বহিয়া চলেছে আগের মতন / কইরে আগের মানুষ কই?’ তিনি আরো গাইলেন ‘আমার হাতে কালি মুখে কালি‘ এবং ‘ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ‘। শিল্পী শাকিল একেএকে গাইলেন, ‘খেলিছ জলদেবী সুনীল সাগর জলে তরঙ্গ–লহর তোলে লীলায়িত কুন্তলে‘, ‘দুর্গম গিরি কান্তার–মরু, দুস্তর পারাবার হে / লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে, যাত্রীরা হুঁশিয়ার‘, ‘পদ্মার ঢেউ রে / মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে / এই পদ্মে ছিল রে যার রাঙা পা / আমি হারায়েছি তারে‘। লক্ষ্য করি খায়রুল আনাম শাকিল এই গানটি যখন গাইছিলেন তখন উপস্থিত বিদেশি দর্শক–শ্রোতারাও গান ও সুরের তালে হাত তালির সাথে মাথা নাড়ছিলেন। উল্লেখ্য, ভাটিয়ালি ঢঙে রচিত নজরুলের অসম্ভব জনপ্রিয় এই বিচ্ছেদধর্মী গানটি প্রথম ধারণ করা হয় শচীন দেব বর্মনের কণ্ঠে। তৎকালীন হিন্দুস্তান রেকর্ড কোম্পানি এই গানটি প্রথম প্রকাশ করে ১৯৪১ সালে। শচীন দেব বর্মনের পর এই গানটি আরো জনপ্রিয় হয়ে ওঠে ফিরোজা বেগম, ফেরদৌসী রহমান এবং খায়রুল আনাম শাকিলের কন্ঠে। এই অমর গানটি সৃষ্টির পেছনে একটি ঘটনা আছে। সালটি ১৯৪১। কবির ছেলেবেলার বন্ধু, সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায় তার লেখা ও পরিচালিত ছবি ‘নন্দিনী‘ ছায়াছবির জন্যে কবিকে গান লেখার অনুরোধ করেছিলেন। কবি লিখলেন, ‘চোখ গেল চোখ গেল‘ কেন ডাকিস রে / চোখ গেল পাখি রে / তোর ও–চোখে কাহার চোখ পড়েছে নাকি রে / চোখ গেল পাখি রে”। ছবিটি মুক্তি পাবার পর গানটি বেশ জনপ্রিয় হয়। আর সে কারণে হিন্দুস্থান রেকর্ড কোম্পানি গানটি গ্রামোফোন রেকর্ড আকারে প্রকাশ করার উদ্যোগ নেয়। রেকর্ডের একদিকে ‘চোখ গেল চোখ গেল‘ ছাড়াও ওপর দিকে আর একটি গানের প্রয়োজন হয়ে পড়লো। কবিকে অনুরোধ করা হলো রেকডের্র ওপর পাশের জন্যে আর একটি গান রচনা করতে। অতঃপর, সৃষ্টি হলো এই কালজয়ী জনপ্রিয় গানটি– ‘পদ্মার ঢেউ রে / মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যারে / এই পদ্মে ছিল রে যার রাঙা পা / আমি হারায়েছি তারে।‘ সবশেষে শিল্পীদ্বয় যুগলকণ্ঠে গাইলেন– ‘জয় হোক জয় হোক / শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক‘– আজকের পৃথিবী হিংসায় উন্মুক্ত, নিষ্ঠুর নিত্য নিঠুর দ্বন্দ্ব। শান্তি, সৌহার্দ্য গেছে নির্বাসনে। যুদ্ধ, সংঘর্ষ আর দ্বন্দ্বে ভরা এই ধরায় শান্তির সুবাতাস নেমে আসুক, সবার মাঝে শুভবুদ্ধির উদয় হোক– এই হোক সবার কামনা। সাম্যের কবি, বাংলাদেশের জাতীয় কবি, কাজী নজরুল ইসলামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গেয়ে উঠি– ‘জয় হোক, জয় হোক শান্তির জয় হোক, সাম্যের জয় হোক, সত্যের জয় হোক, জয় হোক।‘

সবশেষে: ‘সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন।‘ আমরাও একটা সময় ঘরে ফিরে আসি। তার আগে অনুষ্ঠান শেষে বাইরে এসে দেখি তখনও ঝিরিঝিরি বৃষ্টি, কোন বিরাম নেই। বৃষ্টি মাথায় নিয়ে এগিয়ে যাই গাড়ির দিকে। মনের মধ্যে গুনগুন করে গেয়ে উঠে -‘নহে নহে প্রিয় এ নয় আঁখি–জল / মলিন হয়েছে ঘুমে চোখের কাজল। / হেরিয়া নিশি–প্রভাতে / শিশির কোমল–পাতে / ভাব বুঝি বেদনাতে ফুটেছে কমল।‘ (০৬–১১–২০২৬)

লেখক : সাংবাদিক, সাহিত্যিক, কলামিস্ট।

পূর্ববর্তী নিবন্ধহে নারী, চেক আপ করিয়ে নিন বয়স যখন চল্লিশোর্ধ্ব, হে ব্লাড প্রেসারের রোগী জটিলতা থেকে সাবধান হোন