ডেঙ্গু প্রতিরোধে ১০০ মশক নিধন স্প্রে মেশিন ও কেমিক্যাল বিতরণ করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন

| রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৪:২০ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং মশক নিধনে সম্মিলিত মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। এ উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের ১০০টি স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে সম্পূর্ণ বিনামূল্যে ১০০টি মশক নিধন স্প্রে মেশিন ও প্রয়োজনীয় কেমিক্যাল বিতরণ কর্মসূচির আয়োজন করেছে প্রতিষ্ঠানটি।

ডেঙ্গু একটি মশাবাহিত প্রাণঘাতী রোগ। প্রতিবছর ডেঙ্গুর প্রকোপে অসংখ্য মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটছে। বিশেষ করে বর্ষা ও বর্ষা-পরবর্তী সময়ে এডিস মশার বিস্তার জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করে। ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, প্রয়োজন সম্মিলিত সামাজিক উদ্যোগ ও কার্যকর মশক নিধন কার্যক্রম। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে মশক নিধনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনে উৎসাহিত করতে এ উদ্যোগ গ্রহণ করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন।

কর্মসূচির আওতায় চট্টগ্রামের ১০০টি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের হাতে বিনামূল্যে ১০০টি মশক নিধন স্প্রে মেশিন ও প্রয়োজনীয় কেমিক্যাল তুলে দেওয়া হয়। এসব সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্ট সংগঠনগুলো নিজ নিজ এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালনা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখতে পারবে বলে আশা করছে আয়োজক প্রতিষ্ঠান।

৭ নভেম্বর ২০২৬, শনিবার বিকালে চট্টগ্রামের আগ্রাবাদ মোড়ে একটি কভেনশন হলে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবিক সংগঠক ও বেওয়ারিশ চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা শওকত হোসেন,মানবিক সংগঠক কায়সার আলী চৌধুরী,শামসুল আলম খান মুরাদ,আজাদ মামু,মোহাম্মদ হাসান, সাবেক পুলিশ কর্মকর্তা রবিউল হোসেন ।

এ উদ্যেগের বিষয়ে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস, মশক নিধন এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

তিনি আরো বলেন,এ উদ্যোগের মাধ্যমে চট্টগ্রামের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে জনস্বাস্থ্য সুরক্ষায় আরও সক্রিয় করা এবং ডেঙ্গুমুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যকর নগরী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ।

কর্মসূচিতে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও জনকল্যাণমূলক উল্লেখ করে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাঁরা বলেন, বিনামূল্যে মশক নিধন স্প্রে মেশিন ও কেমিক্যাল বিতরণের ফলে বিভিন্ন এলাকায় মশক নিধন কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি নিজ নিজ এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে তাঁরা সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সম্মেলন অনুষ্ঠিত, সভাপতি সজল, সাধারণ সম্পাদক মনসুর