চট্টগ্রামে ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু নতুন শনাক্ত ৯৮

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৫ অক্টোবর, ২০২৬ at ৮:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৮ জনের। এছাড়া গতকাল নতুন করে আরো ৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ৭৫৪ জন।

গতকাল চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্য মতে–চলতি অক্টোবরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের। এছাড়া গত সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৩০ জন এবং মৃত্যু হয়েছে ১৬ জনের। গত আগস্টে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ২০২ জনের এবং মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জনের এবং মৃত্যু হয় দুইজনের। জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জন এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন।

অন্যদিকে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৮ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪০ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ৮ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৭ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে ১৬ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৭ জন। অন্যদিকে চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ২ হাজার ৭৩৯ পুরুষ, ১ হাজার ৬৭৮ মহিলা এবং ১ হাজার ৩৩৭ শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন। এরমধ্যে মারা যায় ১০৭ জন এবং ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।

পূর্ববর্তী নিবন্ধইবনে সিনা ডায়াগনস্টিক ও ভবন মালিককে ৪০ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধশিক্ষকের ওপর হামলাকারী শিক্ষার্থীকে শাস্তি দিল প্রতিবেশিরা