মইজ্জ্যারটেকে শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল সিডিএ

দ্বিতীয় দিনের অভিযান

কর্ণফুলী প্রতিনিধি | বুধবার , ৭ অক্টোবর, ২০২৬ at ১০:১৯ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) জায়গায় গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের অভিযান চালিয়েছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার দুপুরে চালানো অভিযানে শতাধিক দোকান ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে এ অভিযানে সিডিএর মইজ্জ্যারটেক প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ও নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান, কর্ণফুলী থানা পুলিশ ও স্পেশাল পুলিশের সদস্যরা অংশ নেন। প্রায় ৪০ জন শ্রমিক ও একটি এঙকেভেটরের সহায়তায় মইজ্জ্যারটেক মোড়ের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সিডিএ সূত্রে জানা গেছে, দুই দিনের অভিযানে মইজ্জ্যারটেক মোড়ে আব্দুল মন্নানের দখলে থাকা ওয়েল ফুড, এস আলমের চেমন ইস্পাত লিমিটেডের সীমানাপ্রাচীর, কুলিং কর্নার, মুদির দোকান, বিকাশের দোকান, গোডাউন ও বেকারিসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পশ্চিম পাশে আকসা ও আকাশ বিরিয়ানির সামনের অংশ এবং সড়কের দুই পাশে নির্মিত শতাধিক দোকান ও অন্যান্য স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়।

সিডিএর প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, মইজ্জ্যারটেক মোড়ের জংশনটি উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।

বারবার উচ্ছেদ, ফের দখল কর্ণফুলীর পুরাতন ব্রিজঘাট থেকে মইজ্জ্যারটেক পর্যন্ত সিডিএর জায়গায় এর আগেও একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ২০২৩ সালের মে মাসে পুরাতন ব্রিজঘাট এলাকায় প্রায় ২৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিডিএ। এরপর ২০২৫ সালের মে মাসে পুরাতন ব্রিজঘাট, সৈন্যরটেক, খুদ্যেরটেক, আজিমপাড়া ও মইজ্জ্যারটেক এলাকায় দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সময়ে পুরাতন ব্রিজঘাট ও মইজ্জ্যারটেক মোড়ের কালারপোল সড়কে আরও তিন শতাধিক দোকান উচ্ছেদের খবর প্রকাশিত হয়।

একাধিক দফা উচ্ছেদ অভিযান চালানো হলেও বিভিন্ন স্থানে ফের নতুন করে স্থাপনা গড়ে ওঠে। স্থানীয়দের দাবি, শুধু উচ্ছেদ অভিযান নয়, উচ্ছেদের পর জায়গাগুলোতে পুনরায় দখল ঠেকাতে নিয়মিত নজরদারি ও স্থায়ী ব্যবস্থা প্রয়োজন। সিডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ স্থাপনা উচ্ছেদে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ৪ দিনের জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধচমেক হাসপাতালের গাইনি বিভাগে এলবিয়ন গ্রুপের চিকিৎসা সরঞ্জাম প্রদান