চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ও তার স্ত্রীর তিন বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত অর্থ দিয়ে স্ত্রীর নামে জমি-ভবন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৬ অক্টোবর, ২০২৬ at ৫:৩০ পূর্বাহ্ণ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়ি চালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদেরকে ৩২ লাখ ৩৮ হাজার ৩৮৬ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসেন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে কলেন, ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন আইনের ২৭(১) ও দণ্ডবিধির ১০৯ ধারায় তাজুল ইসলামকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৩৮ হাজার ৩৮৬ টাকার ৫০ শতাংশ তথা ১৫ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে তার স্ত্রী খাইরুন্নেছাকে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ধারায় ১ লাখ টাকা অর্থদণ্ড এবং ২৭(১) ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৩৮ হাজার ৩৮৬ টাকার ৫০ শতাংশ অর্থাৎ ১৫ লাখ ৬৯ম হাজার ১৯৩ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

আদালতসূত্র জানায়, চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়ি চালক তাজুল ইসলাম জ্ঞাত আয়বহির্ভূত অর্থ উপার্জন করে তা দিয়ে খাইরুন্নেছা বেগমের নামে জমি ক্রয় ও ভবন নির্মাণে বিনিয়োগ করেন। পাশাপাশি স্বামীর অবৈধভাবে উপার্জিত অর্থকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে খাইরুন্নেছা নিজের নামে আয়কর নথি খোলেন এবং সেখানে অর্জিত সম্পদ ও আয়ের উৎস প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়। এছাড়া দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১২ লাখ ৯৭ হাজার ৭৯ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগও আনা হয়। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪–এর ২৬(২) ও ২৭(১) ধারায় এবং দণ্ডবিধির ১০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল পরবর্তী গত বছর তথা ২০২৫ সালের ১ জুলাই এ দম্পতির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু হয়।

পূর্ববর্তী নিবন্ধডবলমুরিংয়ের সাবেক ওসি রফিকুল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
পরবর্তী নিবন্ধচকরিয়ায় ছাত্রদল নেতা হত্যায় ব্যবহৃত গাড়ি ও ২ চালক গ্রেপ্তার