বড়উঠান, ডায়নামিকের টানা দ্বিতীয় জয় প্রথম জয় দেখলো মীরসরাই, শিকলবাহা

অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৬:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্টের গ্রুপ-‘ই’ এবং ‘এফ’ এর চারটি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এসব খেলায় জয় পেয়েছে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, মীরসরাই ফুটবল একাডেমি, শিকলবাহা স্পোর্টস একাডেমি ও ডায়নামিক ফুটবল একাডেমি। সকালে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি ৩–০ গোলে পাঠানটুলী ফুটবল একাডেমিকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। নিজেদের প্রথম খেলায় তারা মীরসরাই ফুটবল একাডেমিকে ৫–০ গোলে পরাজিত করেছিল। দুই খেলা শেষে ৬ পয়েন্ট পেয়ে তারা ‘ই’ গ্রুপে শীর্ষে আছে। পাঠানটুলী তাদের প্রথম খেলাতেও পরাজিত হয়েছিল। দুই খেলার দুটিতেই তারা হার মানলো। তারা কোন পয়েন্ট পায়নি। গতকালের খেলায় বিজয়ী দলের পক্ষে ১টি করে গোল করে শাখাওয়াত হোসেন শাওন, মো. ইমতিয়াজ হোসেন সাইফ ও আরাফাত হোসেন তামিম। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমির শাখাওয়াত হোসেন শাওন। তার হাতে হাতে পুরস্কার তুলে দেন সিডিএফএ কাউন্সিলর মো. জহির উদ্দিন।

একই মাঠে সকালে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় মীরসরাই ফুটবল একাডেমি টাইব্রেকারে ৩–২ গোলে রাইজিং স্টার ফুটবল একাডেমিকে পরাজিত করে। খেলার নির্ধারিত সময় ০–০ গোলে ড্র ছিল। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। মীরসরাইয়ের এটি প্রথম জয়। দুই খেলা শেষে তারা ৩ পয়েন্ট পেয়েছে। রাইজিং স্টার তাদের প্রথম খেলায় জয় পেয়েছিল। দুই খেলা শেষে তারাও ৩ পয়েন্ট পেয়েছে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মীরসরাইয়ের গোলকিপার কাজী মাহতাব উদ্দিন। তার হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম ফুটবল রেফারিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন।

দুপুরে অনুষ্ঠিত দিনের তৃতীয় ম্যাচে শিকলবাহা স্পোর্টস একাডেমি ৩–১ গোলে চট্টগ্রাম আবাহনী ফুটবল একাডেমিকে পরাজিত করে। শিকলবাহার এটি প্রথম জয়। দুই খেলা শেষে তারা ৩ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী ফুটবল একাডেমি দুই খেলার দুটিতেই পরাজিত হয়েছে। তারা কোন পয়েন্ট পায়নি। গতকালের খেলায় বিজয়ী দলের মোহাম্মদ হাবিব ২টি ও ওয়াসি আইয়ান ১টি গোল করে। বিজিত দলের পক্ষে আবির ১টি গোল দেয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় শিকলবাহার মোহাম্মদ হাবিব। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর ব্যারিস্টার শাহাবাজ মুনতাসির চৌধুরী।

একই ভেন্যুতে বিকালে অনুষ্ঠিত দিনের চতুর্থ ও শেষ ম্যাচে ডায়নামিক ফুটবল একাডেমি ৭–১ গোলের বিশাল ব্যবধানে চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমিকে উড়িয়ে দেয়। ডায়নামিকের এটি টানা দ্বিতীয় জয়। দুই খেলা শেষে ৬ পয়েন্ট পেয়ে ‘এফ’ গ্রুপে তারা শীর্ষে আছে। অন্যদিকে চট্টগ্রাম ব্রাদার্স ফুটবল একাডেমি প্রথম খেলায় জয়লাভ করে। দুই খেলা শেষে তাদের পয়েন্ট তিন। বিজয়ী দলের পক্ষে আবদুল্লাহ আহাদ ২টি গোল করে। এছাড়া ১টি করে গোল দিয়ে স্কোর শিটে নাম লেখায় আল ইমাম নিহাল, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, আবদুল্লাহ ওহাব সোহান, জিহাদ উদ্দিন যুবরাজ ও আবদুল্লাহ হামিম বিন নাসির। বিজিত দলের নির্মল দাশ ১টি গোল পরিশোধ করে। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ডায়নামিকের আবদুল্লাহ আহাদ। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া অফিসার, চট্টগ্রাম আবদুল বারী।

আজ ২ অক্টোবর শুক্রবার টুর্নামেন্টের চারটি খেলা অনুষ্ঠিত হবে। এসব খেলায় অংশ নেবে ইয়ং ফুটবল একাডেমি–মাদারবাড়ি শোভনীয়া ফুটবল একাডেমি(সকাল–৯.১৫টা),পতেঙ্গা ফরিদ ফুটবল একাডেমি–সন্দ্বীপ ফুটবল একাডেমি (সকাল–১০.৪৫টা),চট্টগ্রাম বিহঙ্গ ফুটবল একাডেমি–এম সি এস ফুটবল একাডেমি(দুপুর–২.১৫টা),আকুবদন্ডী ফুটবল একাডেমি–চট্টগ্রাম ফুটবল ট্রেনিং সেন্টার(বিকাল–৩.৪৫টা)। সব খেলা চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধএশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালে পাকিস্তান-ভারত
পরবর্তী নিবন্ধপূজায় আসছে ‘কাট-পিস’