এশিয়ান গেমসে আবারও হতাশ করলো বাংলাদেশ ক্রিকেট দল। স্বর্ণ পদকের স্বপ্ন নিয়ে পূর্ণশক্তির দল গিয়েছিল এবার। কিন্তু তা সত্ত্বেও ফাইনালে খেলা হলো না বাংলাদেশের। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। ৯ বল বাকি থাকতে পাকিস্তান জয় নিশ্চিত করে। অন্যদিকে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ভারত ১২৪ রানের বড় ব্যবধানে হারায় শ্রীলংকাকে। ফলে এশিয়ান গেমস ক্রিকেটে শনিবার নিশানের করোগি স্পোর্টস পার্কে স্বর্ণ পদক জয়ের লড়াইয়ে ফাইনালে লড়বে ভারত ও পাকিস্তান। একই দিন ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। গত তিনদিনের বৃষ্টির কারণে করোগি স্পোর্টস পার্কের আউটফিল্ড ভেজা থাকায় সোয়া একঘন্টা দেরীতে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচ শুরু হয়। ওভার কমিয়ে ১৩ ওভার নির্ধারিত হয়। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সাহিবজাদা ফারহান। তাওহিদ হৃদয়ের ২৫ বলে ৪২ রানের সুবাদে বাংলাদেশ ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে। এছাড়া সাইফ হাসান ১৭ বলে ১৯ এবং মোসাদ্দেক হোসেন ১৬ বলে করেন ১১ রান। পাওয়ার প্লেতে বাংলাদেশ ৩ উইকেটে ২৩ রান সংগ্রহ করেছিল। ৭.৪ ওভারে ৫০ ও ১০০ রান আাসে ১১.৬ ওভারে। পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম ২৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ১৫টি ওয়াইডসহ অতিরিক্ত রান হয়েছে ১৫। ১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান ১১.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়। আব্দুল সামাদ ১৫ বলে ৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৩০ রানে অপরাজিত ছিলেন। হাসান নাওয়াজ করেছেন ২২ বলে ২৭ রান। এই জুটি ২৪ বলে ৫০ রান করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন। দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে ভারত। টপ অর্ডারে ওপেনার বৈভব সূর্যবংশী দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন। তার ২১ বলের ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কা ছিল। মিডল অর্ডারে শ্রীলংকার বোলারদের সামনে দাপট দেখিয়েছেন ইশান কিশান। তার ৪৬ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসের সুবাদে লড়াকু সংগ্রহ পায় ভারত। অনবদ্য ইনিংসে ৪টি চার ও ৫টি ছক্কা মারেন কিশান। বোলিংয়ে শ্রীলংকার থারিন্দু রত্নায়েকে ও সাহান আরাচ্চিগে ২টি করে উইকেট নেন। জবাবে ভারতীয় বোলারদের তোপে ৯ দশমিক ৫ ওভারে মাত্র ৪৫ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের হয়ে মাত্র একমাত্র নুয়ানিদু ফার্নান্দো দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হন। ১৫ রান করেন তিনি। ভারতের জসপ্রিত বুমরাহ–অক্ষর প্যাটেল ও অভিষেক শর্মা ২টি করে উইকেট নেন।













