গোলপাহাড় মোড় থেকে জিইসি পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ অক্টোবর, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

নগরীর গোলপাহাড় মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ এ সড়ক এলাকায় অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

অভিযানকালে ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা দোকান, অস্থায়ী স্থাপনা ও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে পথচারীদের চলাচলের জন্য ফুটপাত উন্মুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও দোকানদারদের সতর্ক করেন মেয়র। মেয়র বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা পণ্যসামগ্রী রেখে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখতে চসিকের অভিযান অব্যাহত থাকবে। তিনি দোকানদার ও ব্যবসায়ীদের নির্ধারিত জায়গার বাইরে মালামাল না রাখা এবং ফুটপাত দখল করে ব্যবসা না করার আহ্বান জানান। একই সঙ্গে নগরীর সৌন্দর্য, শৃঙ্খলা ও জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ব্যবসায়ীদের সিটি কর্পোরেশনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার হাসপাতাল থেকে হাতকড়াসহ পালালেন রোহিঙ্গা আসামি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন করে আরো ৯২ জন ডেঙ্গু আক্রান্ত