নগরীর গোসাইলডাঙ্গায় মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার দায়ে ছেলে সুমিত চৌধুরী প্রকাশ বিভুকে (৩১) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের ৫ম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সুমিত চৌধুরী সাতকানিয়ার আমিলাইষ এলাকার বাসিন্দা। আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে এ রায় ঘোষণা করেছেন বিচারক।
আদালতসূত্র জানায়, ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গার সাসটেইন টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে কুপিয়ে ও গলা কেটে কুমকুম চৌধুরীকে হত্যা করা হয়। ঘটনার দিন নিহতের বড় ছেলে সোমনাথ চৌধুরী প্রকাশ সুজন বাইরে থেকে বাসায় ফিরে দীর্ঘ সময় দরজায় ধাক্কা দেন। একপর্যায়ে সুমিত দরজা খুলে দেন। পরে সুজন তার মাকে বেডরুমের বিছানায় গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় সুমিতের ঘাড়েও রক্তাক্ত জখম ছিল। সুমিত তার ভাইকে জানান, তিনি মাকে হত্যা করেছেন এবং নিজেও দা দিয়ে নিজের ঘাড়ে আঘাত করেছেন। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের হয়। তদন্ত শেষে চার্জশিট দাখিল হলে ২০১৭ সালের ২৩ জুলাই সুমিত চৌধুরীর বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন বিচারক।











