সারা দেশের মতো কক্সবাজারের পেকুয়া উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধ ও বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ কর্মসূচির আয়োজন করা হয়। গত শনিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা এ অভিযানে অংশ নেন। একযোগে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এদিন বিদ্যালয়গুলোর আঙিনা পরিষ্কার করে শিক্ষার্থীরা। পরে সংগ্রহ করা পাতা, কাগজ ও অন্যান্য আবর্জনা বিদ্যালয়ের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরাও শিক্ষার্থীদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এতে বিদ্যালয়ের পরিবেশ পরিচ্ছন্ন হওয়ার পাশাপাশি শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে। শিক্ষকরা বলেন, ছোটবেলা থেকেই শিশুদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে পারলে এর প্রভাব পরিবার ও সমাজেও পড়বে। বিদ্যালয়ে শেখা পরিচ্ছন্নতার অভ্যাস শিক্ষার্থীরা বাড়িতেও প্রয়োগ করবে। এর মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার বিষয়ে সচেতনতা বাড়বে।
কক্সবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আরা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আমরা প্রতিটি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নির্দেশনা দিয়েছি, যাতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার বিষয়ে অভ্যস্ত হয়ে ওঠে। পেকুয়া উপজেলা শিক্ষা অফিসার আশীষ বোস বলেন, একযোগে ৫৬টি স্কুলে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রতি সপ্তাহে একদিন করে এ কার্যক্রম চলবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদেরও পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।–প্রেস বিজ্ঞপ্তি













