শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্ক সহায়ক ভূমিকা রাখে

দৃষ্টির স্কুল বিতর্ক কর্মশালায় শামীম

| সোমবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫০ পূর্বাহ্ণ

‘যুক্তির আলো ছড়িয়ে পড়ুক চট্টগ্রামের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দৃষ্টি চট্টগ্রামের ২০তম স্কুল বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় চট্টগ্রাম মহানগর ও জেলার ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এবারের কর্মশালার মূল লক্ষ্য ছিল চট্টগ্রামের নতুন ২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কচর্চার সূচনা করা এবং শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, উপস্থাপনা দক্ষতা ও বিতর্কের সংস্কৃতি গড়ে তোলা।

কর্মশালা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। অনুষ্ঠানে অতিথি ছিলেন কনফিডেন্স সল্ট লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার সর্দার নওশাদ ইমতিয়াজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য ইমরান এমি। দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন সমন্বয়কারী মুজিবুল হক ও সহ–সমন্বয়কারী জুনায়েদ আসাদ। প্রশিক্ষক ছিলেন ফারুক তাহের, রাইহানুল ইসলাম, বনকুসুম বড়ুয়া নূপুর এবং আসিফ। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। আজকের এই বিতর্ক কর্মশালায় এসে তাঁর নিজের স্কুলজীবনের কথা মনে পড়ছে।

তিনি বলেন, আমিও নিয়মিত এসব বিতর্কে অংশ নিতাম। সেই অভিজ্ঞতা পরবর্তী জীবনে কথা বলা ও যুক্তি উপস্থাপনে আমাকে অনেক সহায়তা করেছে।

মাহবুবের রহমান শামীম বলেন, শুধু মহানগরীতে নয়, প্রতিটি উপজেলায় এ ধরনের বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা ছড়িয়ে দিতে হবে। চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষ থেকে এ উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

সভাপতির বক্তব্যে দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, দীর্ঘদিন ধরে দৃষ্টি চট্টগ্রাম চট্টগ্রামের শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, মুক্তবুদ্ধি ও নেতৃত্বের গুণাবলি বিকাশে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু বিতর্ক শেখানো নয়, বরং শিক্ষার্থীদের যুক্তি দিয়ে চিন্তা করতে, নিজের মতামত সুন্দরভাবে প্রকাশ করতে এবং ভিন্নমতকে সম্মান করতে শেখানো। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে এখনো বিতর্কচর্চা শুরু হয়নি, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যুক্ত করার মাধ্যমে একটি বৃহত্তর বিতর্ক আন্দোলন গড়ে তোলাই আমাদের লক্ষ্য। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে ১৩ হাজার ক্ষুদে শিক্ষার্থীর অভিযান
পরবর্তী নিবন্ধপরিবেশ সুরক্ষায় চট্টগ্রামে শুরু হলো বিকাশের বনায়ন কর্মসূচি