অনুপ্রবেশকালে ট্রলার ডুবে ২ রোহিঙ্গার মৃত্যু, ১৬ জন জীবিত উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ট্রলার ডুবে এক নারী ও শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮ জন স্থানীয় নাগরিক ও ৮ রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। নিখোঁজ রয়েছেন এক নারী। গত সোমবার দিবাগত রাতে টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া নৌকাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম।

ওসি জানান, মিয়ানমার থেকে সাগরপথে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই একটি ট্রলার দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। খবর পেয়ে কোস্ট গার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৮জন বাংলাদেশি নাগরিক ও ৮ জন রোহিঙ্গাসহ ১৬ জনকে জীবিত উদ্ধার করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে। এ সময় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এখনও এক নারী নিখোঁজ রয়েছেন।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে ওসি আরও জানান, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছিলেন। ঘটনাক্রমে সাগরপথে তারা পুনরায় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন।

ঠিক কী কারণে ট্রলারডুবির ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধনওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা