সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোরবান আলী রিফাত (১৭) নামের এক কিশরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর আনুমানিক চারটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। সে একই ইউনিয়নের সোনাইছড়ি ৫ নম্বর ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামের মোঃ ইউনুসের ছেলে।
এদিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ৯ দিনের ব্যবধানে উপজেলার সীতাকুণ্ডে দুই শিশুসহ মোট চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
অন্যদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, কিশোর কোরবান আলী রিফাত গত শুক্রবার থেকে সে জ্বরে আক্রান্ত হয়ে পড়ে। এক পর্যায়ে সোমবার সকালে উপজেলার ফৌজদারহাটস্থ বিআইডিআইটি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতি হতে থাকে। পরে উক্ত হাসপাতালের চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন। শেষ পর্যন্ত মৃত্যুর সাথে যুদ্ধ করে মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু ঘটে।
এদিকে রিফাত নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামের সাধারণ মানুষদের এবং স্বজনদের আহাজারীতে এলাকার পরিবেশ অনেকটা ভারী হয়ে ওঠে। পরে জানাজা নামাজ শেষে ওই এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।












