চাকরিতে পুনর্বহালের দাবিতে পটিয়ায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। খবর বাংলানিউজের। গতকাল দুপুরে পটিয়া মডেল মসজিদের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। সড়কের দুই পাশে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। সৃষ্টি হয় দীর্ঘ যানজট, দুর্ভোগে পড়েন যাত্রীরা।
আন্দোলনকারীরা জানান, চাকরিতে পুনর্বহালের দাবিতে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এর ধারাবাহিকতায় আন্দোলনকারীদের ওপর কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে বলে তাদের অভিযোগ। এসব ঘটনার প্রতিবাদ এবং চাকরিচ্যুতদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার মহাসড়ক অবরোধের কর্মসূচি দেওয়া হয়।
কর্মসূচির একপর্যায়ে আন্দোলনকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে যান পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। তিনি আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন বলেও জানান। তিনি বলেন, আশা করি, আলোচনার মাধ্যমে সমাধান আসবে। প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনকারীরা কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। পরে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।













