দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহরের ভেতরে ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ডিজেলসহ চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়কে তারা এ প্রস্তাব দিতে যাচ্ছে। এর আগে ভাড়া বাড়ানোর বিষয়ে বিআরটিএ কার্যালয়ে সোমবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বৈঠক চলে। বৈঠকে বিআরটিএর কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন। সেখানে বিআরটিএ দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং শহরের ভেতরে ১৮ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয় বলে বৈঠকে উপস্থিত একজন জানিয়েছেন। বিআরটিএর এই সিদ্ধান্ত যাবে বাণিজ্য মন্ত্রণালয়ে। সচিবালয়ে এ নিয়ে আরেক দফা বৈঠকের পর সরকারের তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। খবর বিডিনিউজের।
সোমবার বিকালে বিআরটিএ কার্যালয়ের বৈঠক থেকে বেরিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, আমাদের স্পষ্ট কথা, সরকার ভাড়া না বাড়ানো করা পর্যন্ত আমরা সকলকে বলেছি, কেউ অতিরিক্ত ভাড়া কাটবেন। বৈঠকে সিদ্ধান্ত জানতে চাইলে তিনি বলেন, কিছু দিন আগেই আমরা মিটিং করে প্রতি টাকায় এক পয়সা করে বাড়ানোর প্রস্তাব দিয়েছি। সেই হিসেবে প্রতি কিলোমিটারে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে প্রতি কিলোমিটার ২ টাকা ৫৩ পয়সার জায়গায় দুই–তিন পয়সা বেড়ে যাবে। আবার দূরপাল্লা ও আন্তঃজেলার বাসে কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সার জায়গায় দুই পয়সার মতো বেড়ে যাবে।
সরকারের তরফ থেকে কখন ঘোষণা আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মিটিং শেষে বিআরটিএর কর্মকর্তারা প্রস্তাব নিয়ে সচিবালয়ে গেছেন, হয়ত রাতেই সিদ্ধান্ত আসবে। সর্বোচ্চ কাল (আজ) সকাল পর্যস্ত সময় লাগতে পারে।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম বলেন, সব কিছুর দাম বেড়ে গেছে। আমরা বলছিলাম যে পুনর্বিন্যাস করা হোক, ক্যালকুলেশন করা হোক। কিন্তু সরকার থেকে বলা হয়েছে যে, না, শুধু তেলের জন্য এখন একটু সমন্বয় করে দিই। কত টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ভাড়ার প্রস্তাব কত হয়, এটার আলোচনা করতে পারি না। তেলের দাম ২০ টাকা লিটারপ্রতি বাড়ার কারণে এটা কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ে। এটা একটা সহজ হিসাব। এভাবে ২০ পয়সা কিলোমিটারপ্রতি একটা সমন্বয় হয়। এটাই প্রস্তাব আকারে যাচ্ছে।











