চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৯ শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নোটিশ পাওয়া সকলেই (২০২৪–২৫ শিক্ষাবর্ষের) কবি কাজী নজরুল ইসলাম হলের শিক্ষার্থী।
জানা যায়, অভিযুক্তদের মধ্যে আটজন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ অপরজন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী ।
চুয়েট প্রশাসন সূত্র জানায়, গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৯টি নোটিশের মাধ্যমে অভিযুক্তদের নোটিশের বিষয় জানানো হয়।
সূত্র মতে, নোটিশে উল্লেখ করা হয় গত ১২ সেপ্টেম্বর রাতে নজরুল ইসলাম হলের ডি–২০০ নম্বর কক্ষে প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে দুই ঘণ্টা আটকে রেখে অভিযুক্তরা নানাভাবে অপমান করেছে বলে অভিযোগ পাওয়া যায়। একই ধরনের ঘটনা তারা গত ২ সেপ্টেম্বরও ঘটিয়েছিল।
আরো জানানো হয়, তদন্তে ওই ঘটনায় অভিযুক্তদের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধি বিরোধী, শাস্তিযোগ্য অপরাধ।
নোটিশে অভিযুক্তদের কাছে জানতে চাওয়া হয় এ ঘটনায় তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না।
এ বিষয়ে আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১১টার মধ্যে তাদের লিখিত বক্তব্য নিয়ে চুয়েট ছাত্রকল্যাণ অধিদপ্তরে স্বশরীরে হাজির হয়ে জানাতে হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম বলেছেন, প্রশাসন র্যাগিং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল। যারা এসব অপরাধের সাথে যুক্ত হবে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।













