চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলে র্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, অভিযুক্তদের সকলেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে ৮ জন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ এবং ১ জন কম্পিউটার বিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী।
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম স্বাক্ষরিত পৃথক ৯টি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, গত ১২ সেপ্টেম্বর আনুমানিক রাত ১১টার দিকে কবি কাজী নজরুল ইসলাম হলের ডি-২০০ নম্বর কক্ষে প্রায় ১৫ থেকে ২০ জন শিক্ষার্থীকে দুই ঘণ্টা ধরে নানাভাবে অপমান, হেয় ও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। একই ধরনের ঘটনা গত ২ সেপ্টেম্বরও ঘটেছিল বলে জানানো হয়।
এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ওই ঘটনায় তাদের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে লিখিত জবাব আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ১১টার মধ্যে ছাত্রকল্যাণ অধিদপ্তরে স্বশরীরে হাজির হয়ে দাখিল করতে বলা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো: সাইফুল ইসলাম জানান, “প্রশাসন র্যাগিং, মাদক এর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। যদি তাদের অভিযোগের ব্যাপারে সত্যতা পাওয়া যায়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”













