সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের জরুরি মতবিনিময় সভা

| রবিবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:২৩ পূর্বাহ্ণ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন (রেজি. নংবি১৭২৪) চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক শাখার অন্তর্ভুক্ত বিভিন্ন বেসিক ট্রেড ইউনিয়নের কর্মকর্তা/নেতৃবৃন্দের সাথে এক জরুরি মতবিনিময় সভা শনিবার বিকেলে নগরীর স্টেশন রোডস্থ বিপিসির হোটেল সৈকতের হালদা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুছার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অলি আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল কমিটির সভাপতি মৃণাল চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলা। মতবিনিময় সভায় ১৩টি বিভিন্ন বেসিক ট্রেড ইউনিয়নের সমন্বয়ে গঠিত চট্টগ্রাম মহানগর গণপরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের পক্ষ থেকে সমপ্রতি পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পেশ করা ৭দফা দাবির বিষয়ে আলোকপাত করা হয়। কিছু দাবির বিষয়ে পুলিশ কমিশনার ১ মাসের সময় নেন। বক্তারা আশা করেন, এসময়ের মধ্যে একটি ভালো ফলাফল পাওয়া যাবে। তাছাড়া সড়ক পরিবহন আইন, ২০১৮ এর কতিপয় ধারা সংশোধনসহ ১২ দফা দাবির চুক্তিপত্র অনুযায়ী তা বাস্তবায়নেরও দাবি জানানো হয়।

এসময় ফেডারেশনের নেতৃবৃন্দ বেসিক ইউনিয়নগুলোর বিভিন্ন সমস্যা নিয়েও আলোচনা করেন। সভায় আরো বক্তব্য রাখেন মো. আবুল কালাম আবু, মো. জহুরুল্লাহ, মো. আবুল বাহার, মাহমুদ আলী, মো. ইদ্রিস, মো. হারুনূর রশীদ, মো. শফি, মো. ইউসুফ, মো. শাহে আলম হাওলাদার, হাজী মো. আবু ফয়েজ, মো. খলিলুর রহমান, মো. আরিফ, মো. হাসান, মো, ওমর ফারুক, আবুল খায়ের, মো. জহির, মো. আজম চৌধুরী, মো. আলম, মো. কামাল উদ্দিন, মো. দৌলত মিয়া, মো. কালাম আজাদ, মো. হোসেন প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজান শাহনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন