
নিজের শহরেই ব্যালন ডি’অর জিতে ইংল্যান্ডের ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছেন হ্যারি কেইন। লামিন ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে এই পুরস্কার জিতেছেন ইংলিশ ফরোয়ার্ড। নারীদের বিভাগে তৃতীয়বারের মতো পুরস্কার জিতেছেন অ্যালেক্সিয়া পুতেয়াস। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন কেইন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৬৫ ম্যাচে ৭৩ গোল করেন ৩৩ বছর বয়সী বায়ার্ন মিউনিখের এই ফরোয়ার্ড। তাঁর নৈপুণ্যে জার্মান জায়ান্টরা লিগ ও কাপ, দুই শিরোপাই জেতে। বিশ্বকাপে ইংল্যান্ডের তৃতীয় স্থান অর্জনের পথেও ছয়টি গোল করেন কেইন। মর্যাদাকর এই ট্রফি হাতে পেয়ে উচ্ছসিত কেইন বলেন, ‘আমি নিজের দেশের প্রতিনিধিত্ব করতে ভালোবাসি। এই ট্রফি দেশের জন্য নিয়ে আসা এবং একইসাথে ইংল্যান্ডের একজন খেলোয়াড়ের বিজয়ী হওয়া আমার কাছে সত্যিই বিশেষ কিছু, বিশেষ করে এখানে লন্ডনে। কী অসাধারণ এক রাত! আমি ভীষণ খুশি।’
এদিকে ২০২১ ও ২০২২ সালে ব্যালন ডি’অর জেতা পুতেয়াসের হাতে এবার উঠল তাঁর তৃতীয় পুরস্কার। চার বছর আগে পেশীর গুরুতর চোটে তাঁর উত্থান বাধাগ্রস্ত হয়েছিল। এবার সেই ধাক্কা কাটিয়ে নারী ফুটবলের শীর্ষে ফেরার স্বীকৃতি পেলেন তিনি। গত তিন বছর পুরস্কার জেতা স্পেনের আরেক তারকা আইতানা বোনমাতির স্থলাভিষিক্ত হলেন পুতেয়াস। পায়ের হাড় ভেঙে যাওয়ায় গত মৌসুমে বোনমাতির অভিযান থমকে গিয়েছিল।
পুতেয়াস বলেন, ‘গত মৌসুমে আমরা যা অর্জন করেছি, এই পুরস্কার তারই ফল।’ তিনি আরও বলেন, ‘খেলোয়াড় হিসেবে বার্সেলোনায় ১৪টি মৌসুম কাটাতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। এটি অবিশ্বাস্য। সবকিছু যেন একটি নিখুঁত গল্পের মতো ছিল।’ টানা তৃতীয়বারের মতো বছরের সেরা তরুণ প্রতিভার পুরস্কার জিতে রাতের প্রথম পুরস্কারটি নিজের করে নেন ইয়ামাল। তবে স্পেনের বিশ্বকাপ জয়ের সময় নিজের সেরা ছন্দে খেলতে না পারায় ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তৃতীয় হন ১৯ বছর বয়সী ইয়ামাল। ফলে সর্বকনিষ্ঠ ব্যালন ডি’অরজয়ী হওয়ার সুযোগ হাতছাড়া হয় তাঁর। দ্বিতীয় হয়েছেন এমবাপ্পে। বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ ও লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হলেও ব্যালন ডি’অর জয়ের অপেক্ষা দীর্ঘ হলো তাঁর। যদিও তাঁর গোলগুলো ফ্রান্স কিংবা রিয়াল মাদ্রিদকে দলীয় শিরোপা এনে দিতে পারেনি। স্পেনকে বিশ্বকাপ জেতানোর স্বীকৃতি হিসেবে পুরুষদের বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লুইস দে লা ফুয়েন্তে। নারীদের বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছেন বার্সেলোনার পেরে রোমেউ। পুরুষ ও নারী বিভাগে সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন স্পেনের উনাই সিমন ও কাতা কোল












