নগরী ইপিজেডে থানাধীন দক্ষিণ হালিশহরে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে। গত বুধবার আকবর আলী খালপাড় সিডিএ বালুর মাঠসংলগ্ন আমবাগান এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতরা হলেন – মো. সাদ্দাম (৩৫), বাসু দে (৩৫), আব্দুল মজিদ (৪০), আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬) ও সাইদ হোসেন শাকিল (২৬)।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, অভিযানের সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন রঙের ১৫ প্যাকেট তাস এবং নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।
তিনি আরও বলেন, স্থানীয় জুয়াড়ি ওসমান গণি ত্রিপল ও বাঁশ দিয়ে অস্থায়ীভাবে জুয়ার ঘরটি তৈরি করে সেখানে জুয়ার আসর পরিচালনা করছিলেন। এর আগেও আকবর আলী পকেট গেইট খালপাড় এলাকায় দীর্ঘদিন ধরে পরিচালিত একটি জুয়ার ঘর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে ভেঙে দেওয়া হয়েছিল। পরে ওসমান গণি আবারও নতুন করে জুয়ার ঘর তৈরি করেন। এ ঘটনায় গ্রেপ্তার ৬ জন ও পলাতক সহযোগী ওসমান গণিসহ অজ্ঞাতনামা ১০–১২ জনের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।












