জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে চট্টগ্রাম ভেন্যুতে দ্বিতীয় দিনেই শুরু হয়ে গেছে ম্যাচের তৃতীয় ইনিংস। দিন শেষে রংপুরের বিপক্ষে ৭ রানে এগিয়ে যায় সিলেট। এদিকে আরও একবার পঞ্চাশ পেরিয়েও সেঞ্চুরি করতে না পারার হতাশায় পুড়েছেন আকবর আলি। তার সঙ্গে মিম মোসাদ্দেকের ফিফটিতে সিলেটের বিপক্ষে প্রথম ইনিংসে লিড পেয়েছিল রংপুর।
দ্বিতীয় উইকেটে ইকবাল হোসেনের সঙ্গে ৬৩ রানের জুটি গড়েন মিম। এরপর আর তেমন বলার মতো কোনো জুটি পায়নি রংপুর। আগের রাউন্ডে দেড়শ ছাড়ানো ইনিংস খেলা মিম আউট হন ৫৯ রান করে। পরে একপ্রান্ত আগলে রেখে দলকে এগিয়ে নেন আকবর। ধীরস্থির ব্যাটিংয়ে ৩ চার ও ২ ছক্কায় ১২৭ বলে ফিফটি পূর্ণ করেন রংপুর অধিনায়ক। পরে নাসুম আহমেদের বলে ক্যাচ আউট হলে আবারও ভাঙে তার সেঞ্চুরির স্বপ্ন। তিন চারের সঙ্গে চারটি ছক্কা মেরে ১৬৫ বলে তিনি করেন ৭৪ রান। আগের দুই রাউন্ডে ৬৪ ও ৭৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সিলেটের হয়ে ২৫ ওভারে মাত্র ৩৩ রানে ৪ উইকেট নেন দীর্ঘদেহী অফ স্পিনার নাঈম আহমেদ। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের শিকার ৩টি। তোফায়েল এবং নাবিল ১টি করে উইকেট দখল করেন।
শেষ ঘণ্টায় ব্যাট করতে নেমে বিপদ ঘটতে দেননি সিলেটের দুই ওপেনার সৈকত আলি ও জাকির হাসান। ১৪ ওভার ব্যাট করে ৩৪ রান তুলে নেন তারা। সৈকত ১৬ এবং জাকির ১৭ রান নিয়ে ব্যাট করছেন।












