১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার আলোচিত ‘হ্যান্ড অব গড’ গোলের সেই ঐতিহাসিক ফুটবলটি নিলামে বিক্রি হয়েছে প্রায় ৩৪ লাখ মার্কিন ডলারে (প্রায় ৪১.৭ কোটি টাকা)। যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনসে শনিবার বলটি এই দামে বিক্রি হয়, যদিও প্রত্যাশা ছিল এটি প্রায় ১ কোটি ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২–১ ব্যবধানে জয়ের ম্যাচে হাত দিয়ে বিতর্কিত গোলটি করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। পরে গোলরক্ষক পিটার শিলটনকে পরাস্ত করা ওই গোল নিয়ে সাংবাদিকদের ম্যারাডোনা বলেছিলেন, এটি ছিল ‘খানিকটা ম্যারাডোনার মাথা আর খানিকটা ঈশ্বরের হাত দিয়ে করা।’ একই ম্যাচে ইংল্যান্ডের পাঁচজন খেলোয়াড় ও গোলরক্ষককে কাটিয়ে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলটি করেছিলেন, যা পরবর্তী সময়ে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ বা শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি পায়। নিলামের আগে বার্তা সংস্থা রয়টার্সকে হেরিটেজের বিশেষজ্ঞ নিলামকারী মাইক প্রোভেনজালে বলেন, ‘এটি সম্পূর্ণ অনন্য এক বস্তু। নির্দ্বিধায় বলা যায়, ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত থাকা সবচেয়ে তাৎপর্যপূর্ণ স্মারক এটি।’ ১৯৮৬ সালের ওই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিউনিসিয়ার আলি বিন নাসের। ম্যাচ শেষে ‘অ্যাডিডাস আজতেকা’ মডেলের বলটি নিজের সংগ্রহে নেন তিনি এবং তিন দশকেরও বেশি সময় তা সংরক্ষণ করেন। ২০২৩ সালে একটি আনুষ্ঠানিক চিঠিতে তিনি নিশ্চিত করেন যে, পুরো ম্যাচে কেবল এই একটি বলই ব্যবহার করা হয়েছিল, যা পরবর্তীতে স্বাধীন মূল্যায়নেও সত্য প্রমাণিত হয়। এর আগে ২০২২ সালে বিন নাসের বলটি ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি করেছিলেন। নতুন ক্রেতা ২০২৩ সালে এটি পুনরায় নিলামে তুললেও ন্যূনতম নির্ধারিত দাম না ওঠায় তখন তা অবিক্রিত থেকে যায়। এবার অবশ্য ৩৩ লাখ ডলারেই নতুন মালিক খুঁজে পেল ঐতিহাসিক বলটি। উল্লেখ্য, একই ম্যাচে ম্যারাডোনার গায়ে থাকা ঐতিহাসিক জার্সিটি ২০২২ সালে নিলামে ৯৬ লাখ ডলারের বেশি মূল্যে বিক্রি হয়েছিল।












