উস্তাদ মিহির লালা শুদ্ধ সঙ্গীতের ভিত নির্মাণের কারিগর

স্মরণসভায় কমরেড শাহ্‌ আলম

| রবিবার , ২৩ আগস্ট, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

রাজনীতিবিদ কমরেড শাহ্‌ আলম বলেছেন, আর্য্য সংগীত এবং মিহির লালা এ যেন একে অন্যের পরিপুরক। উস্তাদ মিহির লালা আমৃত্যু এ প্রতিষ্ঠানের অনন্য কীর্তি সুনির্মাণে আমাদের জন্যে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। তিনি ছিলেন একজন শিক্ষার্থী বান্ধব সঙ্গীত গুরু। উস্তাদ মিহির লালা ছিলেন শুদ্ধ সঙ্গীতের ভিত নির্মাণের কারিগর।

গত ২১ আগস্ট থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে উস্তাদ মিহির লালা ছাত্রছাত্রী পরিষদ আয়োজিত প্রয়াত উস্তাদজির স্মরণ সভা ও শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিষদের সভাপতি শিল্পী দীপেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, আর্য্য সঙ্গীত সমিতির সভাপতি শাহ্‌ সেলিম খালেদ, সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, সহসভাপতি শিল্পী সুজিত ভট্টাচার্য্য দোলন, পরিষদের অর্থ সম্পাদক শিল্পী মুক্তা বিশ্বাস ও উস্তাদ মিহির লালার একমাত্র পুত্র সুমন লালা প্রমুখ।

পরবর্তীতে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানের শুরুতেই ইমন রাগে খেয়াল পরিবেশন করেন সময়ের প্রতিভাবান শিল্পী প্রত্যয় বড়ুয়া অভি, মোহন বীণায় রাগ সঙ্গীত নিবেদন করেন দেশের বরেণ্য শিল্পী দোলন কানুনগো, খেয়াল পরিবেশন করেন শিল্পী চৈতি দে।

শেষে তবলা শিল্পী সুদেব দাশের পরিচালনায় তবলায় লহরা বাজিয়ে শোনান তালতীর্থ তবলা শিক্ষা কেন্দ্রের ছাত্র/ছাত্রীবৃন্দ। তবলায় সংগত করেন শিল্পী প্রীতম আচার্য, সুশান্ত কর চৌধুরী ও তিশান ঘোষ। শ্রদ্ধা নিবেদন করেন আর্য্য সঙ্গীত সমিতি, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, চট্টগ্রাম যন্ত্র শিল্পী সংস্থার সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর কালীপুরে বন্যাকবলিতদের নগদ অর্থ সহায়তা
পরবর্তী নিবন্ধপ্রতিহিংসার রাজনীতির ট্যাগ লাগিয়ে জাতীয় পার্টিকে দমিয়ে রাখা যাবে না