আনোয়ারায় নিজ ঘর থেকে মো. সাকিব (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। সাকিব ওই এলাকার মো. ইউনুসের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে পরিবারের সদস্যরা তাকে শোধরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। তার নারীঘটিত একাধিক বিষয় নিয়েও স্থানীয়ভাবে আলোচনা ছিল। ঘটনার রাতে সাকিবের মা–বাবা ঘরে ছিলেন না। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সাকিব আত্মহত্যা করেছেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।












