শেকড়ের টানে আমেরিকায় সীতাকুণ্ডবাসীর প্রথম যৌথ মিলনমেলা

| শনিবার , ২২ আগস্ট, ২০২৬ at ১১:১৩ অপরাহ্ণ

কানাডা ও আমেরিকার বিভিন্ন শহরে থাকা সীতাকুণ্ডের প্রবাসীরা প্রথমবারের মতো একসঙ্গে আয়োজন করেছে এক যৌথ মিলনমেলা। ভৌগোলিক দূরত্ব আর সীমারেখা ডিঙিয়ে তাঁরা প্রমাণ করে দিল দূরত্ব যাই হোক না কেন, শেকড়ের টান আর নাড়ির বন্ধন কখনো ছিন্ন হয় না।

স্থানীয় বাফেলো শহর ছাড়াও সূদুর নিউইয়র্ক সিটি, বোস্টন থেকে অনেকে এ অনুষ্ঠানে যোগ দেন। বাফেলো স্টেট হারবার পার্কে এ সমাবেশ ও পিকনিক অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোক্তাদির বিল্লাহ, আলমগীর কবির, সাইফ মোহাম্মদ মাসুম, মোহাম্মদ রফিকুল ইসলাম, তানভি হক, আকসিন সিদ্দিকী, এ.এম.এম. সামসাদ এবং মোহাম্মদ ফিরোজ। এতে বক্তারা বলেন, যান্ত্রিক প্রবাসে কাটানো প্রতিটি দিনেই আমাদের মনে পড়ে চন্দ্রনাথ পাহাড়ের সবুজ চাদর, পাহাড়ি ঝরনার হিমেল বাতাস আর বঙ্গোপসাগরের কোল ঘেঁষা সীতাকুণ্ডে সেই চেনা পথঘাট।

বাফেলোর এই মিলনমেলায় এসে মনে হচ্ছিল, ক্ষণিকের জন্য আমরা সবাই আবার ফিরে গিয়েছি শৈশব-কৈশোরের সেই ধুলোবালি মাখা সীতাকুণ্ডে। সারাদিনের প্রাণবন্ত আড্ডা, হাসিমুখ, খেলাধুলা আর বিচিত্র সব দেশি খাবারের সুবাসে চমৎকার একটি দিন কেটে গেল।

পিকনিকে আগত সদস্যরা বলেন, কিছুক্ষণের জন্য হলেও মনে হয়েছিল, প্রবাসের সমস্ত সীমান্ত মুছে গিয়ে আমরা সবাই একটি সুদৃঢ় ভালোবাসার পরিবার হয়ে উঠেছি—যেন পুরো সীতাকুণ্ডটাই হঠাৎ নেমে এসেছে বাফেলোর বুকে!

দিন ব্যাপী পিকনিকে আগত সীতাকুন্ডবাসী নানান স্মৃতি চারণ করেন। একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের প্রাণবন্ত আড্ডায় উঠে আসে চট্টগ্রামের এ ঐতিহ্যবাহী উপজেলার বিভিন্ন সমৃদ্ধ ইতিহাস ও কৃষ্টি।

পূর্ববর্তী নিবন্ধফেরদৌস শিপইয়ার্ডে নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি স্কপের সংবাদ সম্মেলন
পরবর্তী নিবন্ধগণপরিবহনের সংকটে চট্টগ্রাম নগরী, বাড়ছে অপেক্ষা-ভোগান্তি