চিটাগং স্টক এক্সচেঞ্জের কমোডিটি ডেরিভেটিভস প্রি-লঞ্চিং ক্যাম্পেইন

| মঙ্গলবার , ২৪ নভেম্বর, ২০২৬ at ৭:৪৮ পূর্বাহ্ণ

চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) গত রোববার ঢাকাস্থ সেলেস্টিয়াল বলরুম, ক্রাউন প্লাজা হোটেলে কমোডিটি ডেরিভেটিভসের প্রি–লঞ্চিং ক্যাম্পেইনের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) তানভির শাহরিয়ার গনি।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান। অনুষ্ঠানে বিভিন্ন ফিনান্সিয়াল প্রতিষ্ঠান এবং এক্সচেঞ্জের প্রতিনিধিবৃন্দ ইন্ডিয়া চেল্লা সফটওয়্যারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্বিয়া রাজাগোপাল, এবান্স গ্রুপের ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অভিষেক প্রদীপ বনশাল, রিশি নাথানি, নগেন্দ্রকুমার, ললিতা বানগুণ ও অতিথিবৃন্দ কমোডিটি এবং এর সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য প্রদান করেন। এছাড়াও সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, পরিচালক মেজর এমদাদুল ইসলাম, শাহজাদা মাহমুদ চৌধুরি, মোহাম্মদ নাসির উদ্দিন, প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, এম সাইফুর রহমান মজুমদার, এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কমোডিটি বিষয়ক বিষয়ক উপস্থাপনা প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। তিনি বলেন, চিটাগং স্টক এক্সচেঞ্জ বাংলাদেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে এর প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো এবং নিয়ন্ত্রক কাঠামো সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ছয়টি পণ্যকে দুই ধাপে লেনদেনের জন্য নির্বাচন করা হয়েছে। প্রথম ধাপে থাকবে স্বর্ণ, রৌপ্য ও অপরিশোধিত পাম অয়েল এবং দ্বিতীয় ধাপে যুক্ত হবে ধান, ভুট্টা ও তুলা। এই উপস্থাপনায় বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, আমদানিনির্ভরতা, দেশীয় উৎপাদন ও ভোগের পরিমাণ এবং পণ্যের বাজারমূল্যের ওঠানামা তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত কমোডিটি এক্সচেঞ্জের মূল লক্ষ্য হলো পণ্যের মূল্যঝুঁকি নিয়ন্ত্রণ, বাজারে স্বচ্ছতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করা এবং ব্রোকার, বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট বাজার অংশগ্রহণকারীদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান । তিনি বলেন, আজ বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। চিটাগং স্টক এক্সচেঞ্জে পণ্যভিত্তিক ডেরিভেটিভস লেনদেনের সূচনা করার প্রস্তুতি নিয়েছে । এই উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারের কার্যক্রম শেয়ার ও বন্ডের গণ্ডি পেরিয়ে আরও বিস্তৃত হবে এবং পণ্যগুলোর জন্য একটি মানদণ্ডভিত্তিক মূল্য নির্ধারণের পথ তৈরি হবে। তবে এই উদ্যোগের সফলতা নির্ভর করবে বিনিয়োগকারীদের যথাযথ শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী মার্কেট মেকার গড়ে তোলা, ব্রোকারদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকারের ওপর।

সিএসইর চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান সমাপনী বক্তব্য রাখেন। তিনি বলেন, আন্তর্জাতিক পণ্যমূল্যের ওঠানামার কারণে বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। তিনি একটি কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রযুক্তিগত অবকাঠামোর উন্নয়ন, বাজারের প্রস্তুতি এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ততার ক্ষেত্রে অর্জিত অগ্রগতির কথা তুলে ধরেন। এছাড়া. সিএসই ও ডিজিসিএক্সের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসব ধর্মের মানুষের জন্য নিরাপদ দেশ গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ড