চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বাংলাদেশের বিচার বিভাগে আস্থার সংকট : উত্তরণের উপায়’ শীর্ষক ৮ম এ কে খান মেমোরিয়াল ল লেকচার–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অডিটোরিয়ামে আইন অনুষদ ও এ কে খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কি–নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন কমিশনের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন ও উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। এ কে খান ফাউন্ডেশনের পক্ষে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টি এ এম জিয়াউদ্দিন খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির।
অনুষ্ঠানে কি–নোট স্পিকারের বক্তৃতায় বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বলেন, সংবিধানই দেশের সর্বোচ্চ আইন। নির্বাহী, আইনসভা ও বিচার বিভাগ রাষ্ট্রের এই তিন অঙ্গ পরস্পর সমপর্যায়ের। বিচার বিভাগের হাতে ন্যায়িক পর্যালোচনার ক্ষমতা থাকলেও এর মাধ্যমে বিচার বিভাগ অন্য দুই অঙ্গের ঊর্ধ্বে অবস্থান করে না। বরং সংবিধানের অভিভাবক হিসেবে বিচার বিভাগের ওপর অতিরিক্ত দায়িত্ব বর্তায়। তিনি সতর্ক করে বলেন, বিচারিক সক্রিয়তা যেন কোনোভাবেই বিচারিক অতি–হস্তক্ষেপে পরিণত না হয়। এ ক্ষেত্রে বিচারকদের আত্মসংযম ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–ফোরকান বলেন, বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা একটি রাষ্ট্রের ন্যায়বিচার ও আইনের শাসনের অন্যতম প্রধান ভিত্তি। বিচারক যদি সততা, সাহস ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন, তাহলে যেকোনো ধরনের প্রভাবের ঊর্ধ্বে উঠে ন্যায়সংগত সিদ্ধান্ত দেওয়া সম্ভব। তিনি বলেন, আমাদের বিচারব্যবস্থার প্রতি আস্থার সংকটের পেছনে দুর্নীতি সম্পর্কে মানুষের ধারণা, বিচারপ্রাপ্তিতে দীর্ঘসূত্রতা, সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির সীমাবদ্ধতা এবং রাজনৈতিক প্রভাবের আশঙ্কা গুরুত্বপূর্ণ কারণ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সততা, নিরপেক্ষতা, দক্ষতা ও উদ্ভাবন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন চবি আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রকিবা নবী। আয়োজনে সভাপতিত্ব করেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, আমন্ত্রিত অতিথি, আইন অনুষদের শিক্ষক– শিক্ষার্থী এবং এ কে খান ফাউন্ডেশনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।












