দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে চারদিনের ম্যাচে হার এড়িয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। তিন ব্যাটার এতে ভূমিকা রেখেছেন। তারা হলেন মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও নাঈম হাসান। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে যখন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান ফিরে যান বাংলাদেশ ইমার্জিং দল ছিল টালমাটাল অবস্থায়। দিনের তখনও বাকি ছিল দুই সেশনের বেশি সময়। এমন হারের শঙ্কায় থাকা সফরকারীদের বাকিটা সময় টানেন মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম ও নাঈম হাসান। জয়ের জন্য ৪১১ রান তাড়ায় চতুর্থ ও শেষ দিন ৬ উইকেটে ২৪৪ রান করে বাংলাদেশ। তাতে ড্র হয় দুই ইমার্জিং দলের প্রথম চার দিনের ম্যাচ। বিনা উইকেটে ১৫ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। জয়ের জন্য সফরকারীদের প্রয়োজন ছিল আরও ৩৯৬ রান। শেষ দিনে এতো বড় লক্ষ্য তাড়া এমনিতেই কঠিন। সেখানে ৭০ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচ বাঁচানোই হয়ে যায় অনেক বড় চ্যালেঞ্জ। দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় ওভারে ফেরেন শাহাদাত হোসেন। একটু পরে তাকে অনুসরণ করেন অধিনায়ক জাকির হাসান। টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন দুই ব্যাটার দ্রুত বিদায়ে চাপে পড়ে যায় সফরকারীরা। থিতু হয়ে ফেরেন মাহফিজুল ইসলাম (৪১)। শূন্যতেই বিদায় নেন ইফতেখার হোসেন ইফতি (০) ও রিজওয়ান (০)। বাংলাদেশকে তখন চোখ রাঙাছিল বড় হারের শঙ্কা। ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়েন মাহিদুল ও আমিনুল। ২৬৫ বলে তারা যোগ করেন ১০৫ রান। তাদের দৃঢ়তায় দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।
তৃতীয় সেশনের শুরুর দিকে ভাঙে চমৎকার এই জুটি। ১৭৪ বলে ১২ চারে ৭৪ রান করে ফেরেন আমিনুল। বাকি সময়টা নাঈমকে নিয়ে কাটিয়ে দেন মাহিদুল। ১৪০ বলে তারা গড়েন ৬৯ রাানের জুটি। দুই বড় জুটিতে দলকে পথ দেখানো মাহিদুল ২০৮ বলে সাত চারে অপরাজিত থাকেন ৪৮ রানে। ৭৯ বলে সাত চারে ৪৯ রানে অপরাজিত ছিলেন নাঈম হাসান। সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচ শুরু হবে আগামী রোববার।












