খাগড়াছড়ির ৯টি উপজেলায় ৫১ হাজার ৩৬৮ শিশুর পুষ্টিগত অবস্থা পরীক্ষা, ৪৩৫ পরিবারকে জীবিকায়ন সহায়তা, ৪৩৫টি স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ এবং ১৮টি নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি সদরের একটি হোটেলে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে পাঁচ বছর মেয়াদি একটি প্রকল্পের সমাপনী সভায় এসব তথ্য জানানো হয়। প্রকল্পের আওতায় অপুষ্টিতে আক্রান্ত ও ঝুঁকিতে থাকা শিশুদের পুষ্টিকর খাবার কেনার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ৬৯৯টি অতি তীব্র ও ৩ হাজার ৩০৫টি মাঝারি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবার রয়েছে। পাশাপাশি দুর্গম এলাকার জনগোষ্ঠীর পুষ্টি, স্বাস্থ্য, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্ষেত্র মোহন রোয়াজা। বিশেষ অতিথি ছিলেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের ফুড সিস্টেমস প্রোগ্রামস ম্যানেজার মো. মাহাবুব হাসান, চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমাসহ সরকারি–বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।
বক্তারা বলেন, শিশু অপুষ্টি প্রতিরোধ এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পুষ্টিসেবা, নিরাপদ পানি, স্যানিটেশন ও আয়বর্ধনমূলক কার্যক্রম অব্যাহত রাখা জরুরি। প্রকল্পের সুফল ধরে রাখতে সরকারি–বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করেন তারা।








