ব্যবসায়ী মো. মুহসিন খানের আটতলা বাসভবনের নিচে সড়কের পাশে পার্ক করা ছিল এক্স করোলা মডেলের প্রাইভেট কার। প্রতিদিন রাতে কাজ শেষে সেখানেই গাড়ি রেখে বাড়ি ফেরেন তিনি। একদিন সকাল নয়টায় কাজে বের হতে গিয়ে দেখেন, প্রাইভেট কারটি নেই।
ঘটনাটি ১৭ নভেম্বররে। চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের খাজা রোডে এই ঘটনা ঘটে। তবে কেবল প্রাইভেট কার নয়। এলাকাটিতে গত কিছুদিন ধরে চুরির ঘটনা বেড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের। মুঠোফোন, বৈদ্যুতিক তার, মুদি দোকানের সামগ্রীও এই তালিকায় আছে।
এ নিয়ে উদ্বেগ স্থানীয় বাসিন্দাদের। তাদের দাবি, গত এক মাসে এলাকায় ছোট-বড় মিলিয়ে ১৫ থেকে ২০টি চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনা ঘটলেও প্রতিকার মেলেনি। অনেক ঘটনায় থানায় অভিযোগও করেননি ভুক্তভোগীরা।
সরেজমিনে দেখা যায়, খাজা রোডের চৌধুরী স্কুলের পাশের সড়ক দিয়ে কিছুটা ভেতরে গেলেই নতুনভাবে গড়ে ওঠা চৌধুরী বাড়ি আবাসিক এলাকা। মূল শহর থেকে কিছুটা ভেতরে অবস্থিত এলাকাটিতে বহুতল ভবনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বসতবাড়িও রয়েছে। তবে এলাকাটি খুব বেশি জনবহুল নয়। সড়কে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) কোনো সড়কবাতি নেই। আশপাশের ভবনের বাইরের বাতির আলোতেই রাতের বেলায় আলোকিত থাকে সড়কটি। রাতে দোকানপাট বন্ধ হয়ে গেলে রীতিমতো নির্জন হয়ে যায় এলাকাটি।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় কয়েকটি সড়কবাতির ব্যবস্থা করা হলেও সেগুলো বেশিদিন স্থায়ী হয় না। কিছুদিন পর বাতি খুলে নেওয়া হয়, আবার কখনো নষ্ট করে ফেলা হয়। তাদের অভিযোগ, চোর চক্রের সদস্যরা অপরাধ করার সুবিধার জন্য সড়কবাতিগুলো নষ্ট করে দেয়।
১৭ নভেম্বর প্রাইভেট কার চুরির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছিলেন গাড়ির মালিক মুহসিন খান। গাড়িটি না পেয়ে প্রথমে আশপাশে খোঁজাখুঁজি করেন তিনি। পরে বিষয়টি থানা-পুলিশকে জানান। সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ।
দৈনিক আজাদীর হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর পাঁচটার দিকে একটি প্রাইভেট কারে করে দুর্বৃত্তরা ঘটনাস্থলে আসে। পরে সেটি থেকে কয়েকজন নেমে মুহসিনের গাড়িটি নিয়ে যায়।
ভুক্তভোগী ব্যবসায়ী মো. মুহসিন খান বলেন, সংগৃহীত ফুটেজে চোরদের চেহারা স্পষ্ট নয়। এ কারণে আশপাশের আরও কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কথা ছিল। কিন্তু ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখতে পাচ্ছেন না তিনি। ঘটনার তদন্ত করে চোরদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
মহল্লা কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাইভেট কার চুরির আগে, ১৫ নভেম্বর রাতের কোনো এক সময় পাশের একটি মুদিদোকানে চুরি হয়। ওই দোকানের মালিক মো. শওকত জানান, সকাল সাড়ে সাতটার দিকে দোকান খুলতে এসে তিনি টিনের ছাউনি কাটা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন, দোকানে রাখা মালামাল ও টাকা-পয়সা চুরি হয়েছে। এর সাড়ে তিন মাস আগেও একই দোকানে চুরির ঘটনা ঘটে। প্রথমবার চুরির পর থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি বলে দাবি তাঁর। এ কারণে সাম্প্রতিক চুরির ঘটনায় আর পুলিশের কাছে অভিযোগ করেননি তিনি।
এর আগে ১০ নভেম্বর সকাল সাড়ে আটটার দিকে একই এলাকার মাহবুব চৌধুরীর বাড়িতে মুঠোফোন চুরির ঘটনা ঘটে। এরপর ১৩ নভেম্বর রাত সাড়ে সাতটার দিকে প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ না থাকার সুযোগে ওই বাড়ির বিদ্যুতের তার চুরি হয়।
এসব ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে কি না, জানতে চাইলে স্থানীয় বাসিন্দা মাহবুব চৌধুরী বলেন, ‘থানায় অভিযোগ দিয়ে লাভ কী? কোনো প্রতিকার পাওয়া যায় না। বারবার চুরির ঘটনা ঘটছে, কিন্তু তা থামছে না। পুলিশ চাইলে এসব ঘটনা প্রতিরোধ করা অসম্ভব কিছু নয়। আমরা চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নেবে এবং আরও তৎপর হবে।
একই এলাকার চৌধুরী বাড়ির বাসিন্দা শিবলী চৌধুরী বলেন, এমন কোনো রাত নেই, যেদিন এলাকায় চুরির ঘটনা ঘটছে না। প্রতিদিন সকালে উঠে শুনি, কারও না কারও বাড়ি কিংবা দোকানে চুরি হয়েছে। কয়েক দিন আগে একটি আস্ত প্রাইভেট কার চুরি হয়ে গেছে। আগে এলাকায় এমন ঘটনা ঘটত না। শুধু চুরি নয়, এলাকায় এখন মাদকের আস্তানাও গড়ে উঠেছে। আমরা এলাকাবাসী শান্তিপ্রিয় মানুষ। আমরা শান্তিতে থাকতে চাই। এ জন্য পুলিশ প্রশাসনের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
নতুন গড়ে ওঠা নাছির উদ্দিন চৌধুরী আবাসিক মহল্লা কমিটির সাধারণ সম্পাদক ও স্থানীয় বাসিন্দা বাবর চৌধুরী বলেন, ‘আমরা এলাকাবাসী সব সময় আতঙ্কে থাকি। প্রতিদিন সকালে উঠে শুনি, কারও না কারও দোকান কিংবা বাসাবাড়িতে চুরি হয়েছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটে যাওয়া এসব ঘটনায় দৃশ্যমান আইনগত ব্যবস্থা না নেওয়ায় চুরির ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। আমরা পুলিশের সর্বোচ্চ সহযোগিতা চাই।
এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘আমি কয়েক দিন আগে থানায় যোগদান করেছি। আপনাদের কাছ থেকেই এলাকাটিতে বারবার চুরির ঘটনার বিষয়ে জানতে পেরেছি। আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।











