হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নতুন অঞ্চল হিসেবে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ একটি মানচিত্র প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্য দিয়ে জলপথটির সার্বভৌমত্ব দাবির হুমকিকে ট্রাম্প আরও জোরালো করারই চেষ্টা নিলেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের প্রকাশিত মানচিত্রে হরমুজ প্রণালির ওপর বৃত্ত আঁকা। তার ওপরে লেখা হয়েছে ‘নতুন মার্কিন অঞ্চল’। খবর বিডিনিউজের।
এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হওয়া নিয়ে ব্যাপক উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের চার দিনব্যাপী সর্বশেষ জরিপ অনুযায়ী, ট্রাম্পের কাজের প্রতি জনসমর্থন নেমে দাঁড়িয়েছে মাত্র ৩৩ শতাংশে, যা তার বর্তমান মেয়াদের সর্বনিম্ন সূচক। এই পতনের মাধ্যমে ট্রাম্পের বর্তমান জনপ্রিয়তা ২০১৭ সালের ডিসেম্বরে তার প্রথম মেয়াদের সর্বনিম্ন সূচক স্পর্শ করল।
২০২৫ সালে দেশের অর্ধেকেরও কম মানুষের সমর্থন নিয়ে হোয়াইট হাউজে ফেরেন ট্রাম্প। চলতি বছর মিত্র ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানে হামলার নির্দেশ দেওয়ার পর তার জনপ্রিয়তায় বড় ধাক্কা লাগে।
জরিপটিতে দেখা গেছে, অংশগ্রহণকারী ৮০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন যুক্তরাষ্ট্রের এই সংঘাত দীর্ঘায়িত হবে। মাত্র ১৬ শতাংশ বিশ্বাস করেন সংঘাতটি কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে।












