লোহাগাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার ভোররাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মল্লিক ছোবহান তজু মুন্সির গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই এলাকার মোস্তফিজুর রহমানের ছেলে প্রবাসী জমির উদ্দিন ও হেলাল উদ্দিন।
ক্ষতিগ্রস্তরা জানান, দুই তলা পাকা ভবনের সিঁড়িঘর দিয়ে ডাকাতেরা ভেতরে প্রবেশ করে। এ সময় পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা। পরে ঘরে তল্লাশি চালিয়ে ৫ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ টাকা, বিদেশি মুদ্রা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১৮ লাখ টাকার মালামাল নিয়ে যায়। তারা জানান, ডাকাতের সংখ্যা ছিল প্রায় ১৫ জন। তাদের কয়েকজনের হাতে বন্দুক এবং অন্যদের হাতে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ছিল।
পার্শ্ববর্তী পরিবারের লোকজন ডাকাতির বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।











