প্রশাসনে আরও একটি বড় পদোন্নতি দিয়েছে সরকার, একযোগে সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব করা হয়েছে। তাদের পদোন্নতির আদেশ গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপন প্রকাশ করেছে। পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তাদের মধ্যে প্রাশাসন ক্যাডারের পাশাপাশি অন্যান্য ক্যাডারের কর্মকর্তা রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে গত ফেব্রুয়ারিতে বিএনপির সরকার গঠনের পর দ্বিতীয়বারের মত বড় পদোন্নতি এটি। খবর বিডিনিউজের।
এর আগে গত ৯ জুলাই উপসচিব পদের ১৭৯ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করেছিল সরকার। উপসচিব হিসেবে পদোন্নতি পাওয়া এসব কর্মকর্তার দপ্তর বন্টনের আগে তাদের জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যুক্ত করা হয়েছে। পদোন্নতি পাওয়া ২৭৭ জন উপসচিবের মধ্যে ১৬৮ জন প্রশাসন ক্যাডারের ৩১তম ব্যাচের কর্মকর্তা। জনপ্রশাসন মন্ত্রনালয়ের একজন কর্মকর্তা বলেন, মূলত ৩১তম ব্যাচের প্রশাসন ক্যডার ও অন্যান্য ক্যডারের কর্মকর্তারা পদোন্নতি পেয়েছেন। ৩১তম ব্যাচের বাইরে অন্যান্য ব্যাচের ৩৫ জন এবং অন্য ক্যাডারের ৭৪ জন কর্মকর্তা রয়েছেন পদোন্নতির তালিকায়।












