রামুতে ২ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৬ আগস্ট, ২০২৬ at ৭:০০ পূর্বাহ্ণ

রামু উপজেলার গর্জনিয়া সীমান্তে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ১০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। গতকাল শনিবার ভোর রাতে পরিচালিত এই অভিযানে সীমান্ত পার হয়ে আসা পাচারকারীরা বিজিবির ধাওয়া খেয়ে ইয়াবার চালান ফেলে গহীন জঙ্গলে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪৮/৪ এস এলাকা দিয়ে অভিযান পরিচালনা করে। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কচ্ছপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোন্দুলেরমুখ নামক স্থানে চোরাকারবারীদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বিজিবি টহলদল। পাচারকারীদের থামার নির্দেশ দিলে তারা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত গহীন জঙ্গলের ভেতরে গা ঢাকা দেয়। পরবর্তীতে টহলদল ওই স্থান থেকে পরিত্যক্ত বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২০ কাটে সাজানো মোট ২ লাখ ১০০ পিস ইয়াবা জব্দ করে।

এ বিষয়ে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক প্রতিরোধে বিজিবির নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে এবং যেকোনো মূল্যে সীমান্ত দিয়ে চোরাচালান বন্ধে কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা বজায় থাকবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় ‘নতুন যুগের’ অপেক্ষা
পরবর্তী নিবন্ধপাড়ে লুঙ্গি-সাবান,পুকুরে ভাসছিল যুবকের মরদেহ