অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার নির্দেশ

সিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ কমিশনার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৪ আগস্ট, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের সম্মেলন কক্ষে জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় পুলিশ কমিশনার নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সব থানা এবং মহানগর গোয়েন্দা বিভাগকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। সিএমপি কমিশনার সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনারদের নিজ নিজ অধিক্ষেত্রে মাদক, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, কিশোর গ্যাংয়ের তৎপরতাসহ সব ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন।

একই সঙ্গে রুজুকৃত হত্যা মামলাসহ অন্যান্য মামলা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে জনগণের জন্য কার্যকর ও সময়োপযোগী পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মামলা নিষ্পত্তির হার বৃদ্ধি এবং ওয়ারেন্ট তামিলের গতি ত্বরান্বিত করার বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে ট্রাফিক বিভাগকে ফিটনেসবিহীন ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী।

সভায় পুলিশের দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএলে গমনকারী পুলিশ পরিদর্শক মো. আব্দুল মতিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করে বিদায় জানান সিএমপির কমিশনার। সভায় গত জুন মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ কর্মদক্ষতা প্রদর্শনকারী পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপপুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপপুলিশ কমিশনার (ডিবিদক্ষিণ) শেখ শরীফুল ইসলাম, উপপুলিশ কমিশনার (ট্রাফিকউত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, উপপুলিশ কমিশনার (ইনসার্ভিস ট্রেনিং) অনিন্দিতা বড়ুয়া, উপপুলিশ কমিশনার (ট্রাফিকপশ্চিম) নিষ্কৃতি চাকমা, উপপুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, উপপুলিশ কমিশনার (ট্রাফিকদক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, উপপুলিশ কমিশনার (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, উপপুলিশ কমিশনার (ট্রাফিকবন্দর) কবীর আহম্মেদ, উপপুলিশ কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় হিফ্‌জুল কোরআন প্রতিযোগিতার অডিশন শুরু
পরবর্তী নিবন্ধদৃষ্টিহীন আকাশের পড়াশোনায় এবার স্মার্টফোন