চট্টগ্রাম দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। সমুদ্রবন্দর, শিল্প, ব্যবসা–বাণিজ্য ও পর্যটনকে ঘিরে প্রতিদিন এই নগরীতে বিপুলসংখ্যক মানুষ ও যানবাহনের চলাচল। কিন্তু ক্রমবর্ধমান যানজট নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে প্রায় অচল করে দিচ্ছে। সড়কে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে মানুষ হারাচ্ছে মূল্যবান সময় ও কর্মঘণ্টা। ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে, জ্বালানি অপচয় বাড়ছে, বাড়ছে বায়ুদূষণ ও মানসিক চাপ। সবচেয়ে উদ্বেগের বিষয়, যানজটে অ্যাম্বুলেন্স আটকে গেলে একজন মুমূর্ষু রোগীর জন্য কয়েক মিনিটের বিলম্বও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
যানজটের কারণ একক নয়। অপরিকল্পিত নগরায়ণ, অতিরিক্ত যানবাহন, অবৈধ পার্কিং, ফুটপাত দখল, যত্রতত্র যাত্রী ওঠানামা, ট্রাফিক আইন অমান্য এবং দুর্বল সড়ক ব্যবস্থাপনা সবকিছু মিলেই পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
এই সংকট থেকে বেরিয়ে আসতে হলে প্রথমেই প্রয়োজন সমন্বিত ও কার্যকর গণপরিবহন ব্যবস্থা। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলো অবৈধ পার্কিংমুক্ত করা, ফুটপাত দখলমুক্ত করা এবং ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।
ব্যস্ত মোড়গুলোতে আধুনিক ট্রাফিক সিগন্যাল, ক্যামেরাভিত্তিক নজরদারি ও যানবাহনের চাপ অনুযায়ী ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা যেতে পারে। বন্দর ও শিল্পাঞ্চলকেন্দ্রিক ভারী যানবাহনের জন্য নির্দিষ্ট রুট ও সময়সূচিও প্রয়োজন।










