বেদনার বর্ণমালা

আলী আকবর বাবুল | বৃহস্পতিবার , ১৩ আগস্ট, ২০২৬ at ৫:৫৫ পূর্বাহ্ণ

রাতের অন্তিম প্রহর বারুদের ছায়া,

ইতিহাসের দরজায় কালো গ্রহণ

নিভে যাওয়া প্রদীপএকটি পরিবারের বুক,

সমগ্র বাংলার আকাশে শোকের সমুদ্র

সিঁড়ির প্রতিটি ধাপ রক্তলিপি,

সময়ের শিরায় অনন্ত বেদনার বর্ণমালা

ভোরের সূর্য ধোঁয়াশার আবরণে

নির্বাক, বিষণ্ন স্বর্ণমুদ্রা।

নদীর বুকে আর্তনাদ সমুদ্রের দিকে

দীর্ঘ নীরব শোকযাত্রা

নত ধানের শিষ মাতৃহারা শিশুর মতো

মাটির কাছে বিষণ্ন প্রার্থনা

দেয়ালের নীরবতা আগস্টের বাতাসে

অদৃশ্য প্রতিধ্বনির কালো আয়না

স্মৃতির কপালে কালো ব্যাজ প্রজন্মের

বিবেকে জ্বলা দায়বদ্ধতার দীপশিখা।

শোকের ভস্ম সবুজ অঙ্কুরের অন্তর্গত অমর সম্ভাবনা

শুকনো রক্ত ইতিহাসের গভীর শিলায়

অমোচনীয় লাল স্বাক্ষর

পনেরো আগস্ট এক পরিবারের বেদনা পেরিয়ে

জাতির আত্মসমীক্ষার আয়না

বাংলার আকাশ নীরব নক্ষত্রে বুকে ধারণ করা

এক অনন্ত শোকের বর্ণমালা।

পূর্ববর্তী নিবন্ধকৃষ্ণকমল ভট্টাচার্য : পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ
পরবর্তী নিবন্ধদেয়ালের লেখাগুলো, দেয়ালের ছবিগুলো